২০ হাজার কেওড়ার চারা কেটে সাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরমোন্তাজ রেঞ্জের নতুন চরবেষ্টিনের কেওড়া বাগানের ২০ হাজারের বেশি চারা গাছ কেটে ফেলা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই জমি বন্দোবস্ত পাওয়ার দাবি করে কয়েকজন এ গাছগুলো কেটে ফেলে। এ ঘটনায় বন বিভাগ নয়জনের নাম উল্লেখ এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে শনিবার রাঙ্গাবালী থানায় মামলা করেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৫-১৯৯৬ সালে বঙ্গোপসাগর ও দারভাঙ্গা নদীর মোহনায় গলাচিপার চরবেষ্টিন-সংলগ্ন ভোলা-পটুয়াখালীর সীমান্তবর্তী এলাকায় প্রায় দুই হাজার একর চর জেগে ওঠে। এর নামকরণ করা হয় নতুন চরবেষ্টিন। বন বিভাগ জানায়, চর জেগে ওঠার পরপরই সেখানে প্রথমে পাঁচ হাজার কেওড়ার চারা লাগানো হয়। ২০০৮-২০০৯ সালে ১৬৩ একরে আরও এক লাখ ২৫ হাজার কেওড়ার চারা লাগানো হয়। তবে গলাচিপা ভূমি কার্যালয়ের দাবি, ২০০৬-২০০৭ সালে নতুন চরবেষ্টিনের খাসজমি প্রত্যেককে দেড় একর করে ৫৭৭ জন ভূমিহীনকে বন্দোবস্ত দেওয়া হয়। বন্দোবস্ত দেওয়ার পর বন বিভাগ নতুন চরবেষ্টিনে বনায়ন শুরু করে।বন বিভাগের গলাচিপার চরমোন্তাজ রেঞ্জ কর্মকর্তা দেবদাস মুখার্জি বস্তোবস্ত দেওয়া জমি বন বিভাগের দাবি করে বলেন, নতুন চরবেষ্টিনে কোনো কৃষিজমি নেই। সেখানে নেই কোনো ঘরবাড়ি। জোয়ার-ভাটা প্রবাহিত হয় ওই চরে। এ ধরনের জমিতে কৃষিজমি হিসেবে বন্দোবস্ত দেওয়ার বিধান নেই।পটুয়াখালীর সহকারী বন সংরক্ষক আবদুল মজিদ জানান, ১৯৭২ সালের বন আইনের ৪ ধারা অনুযায়ী, দুর্যোগপূর্ণ এই দক্ষিণ উপকূলে টেকসই বেষ্টনী গড়ার লক্ষ্যে নতুন চরবেষ্টিনে তাঁরা বন সৃজন করেছেন। কিন্তু যেভাবে চারাগাছগুলো কেটে ফেলা হয়েছে, তাতে নতুন চরবেষ্টিনের কেওড়ার বাগান হুমকির মুখে পড়েছে।পটুয়াখালীর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অমল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, খাসজমি বন্দোবস্ত দেওয়ার ব্যাপারে উপজেলা ভূমি ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত হয়। ওই কমিটিতে বন বিভাগের একজন সদস্য রয়েছেন। সভায় ওই জমি বন্দোবস্ত দেওয়ার ব্যাপারে বন বিভাগ থেকে আপত্তি তুললে এই জটিলতার সৃষ্টি হতো না। তবে গাছ কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বন বিভাগের সঙ্গে আলাপ-আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কার তাজুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের নির্দেশে গাছ কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, নতুন চরবেষ্টিনে জমি তাঁরা ভূমিহীনদের বন্দোবস্ত দিয়েছেন। তবে বন বিভাগ এখন এই জমি তাদের বলে দাবি করছে।বন বিভাগের চরবেষ্টিন ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, গাছ কাটার ঘটনায় তিনি রাঙ্গাবালী থানায় নয়জনের নাম উল্লেখ করে এবং ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে শনিবার মামলা করেছেন। নাম উল্লেখ করা আসামিরা হচ্ছেন বেল্লাল হোসেন, লাল মিয়া চৌকিদার, নুর মোহাম্মদ হাওলাদার, আয়ুব ফকির, ইউসুফ হাওলাদার, সোবাহান গাজী, রশিদ ফকির ও আবু বকর প্যাদা। রাঙ্গাবালী থানার ওসি মাহে আলম জানান, গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে।