সিলেটে স্বামী সেলিম মিয়ার সঙ্গে বেড়াতে এসে খুন হওয়া নরসিংদীর রিতা বেগম ওরফে সীমাকে খুন করা হয়েছে খুনি ভাড়া করে। সিলেটের বাসিন্দা একজন ‘পেশাদার খুনি’ ২০ হাজার নিয়ে তাঁকে খুন করেছে। ‘খুনি’কে ভাড়া করেছিলেন সিলেটে জুতা সরবরাহ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বাবু নামের এক যুবক। বাবু সীমার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু।গতকাল বৃহস্পতিবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে সেলিম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্ত্রী খুনের বর্ণনা দেন। জ্যেষ্ঠ হাকিম শামসুদ্দিন মাসুম ১৬৪ ধারায় সেলিমের জবানবন্দি রেকর্ড করেন।জবানবন্দিতে সেলিম জানান, সীমার সঙ্গে প্রায় তিন বছর আগে প্রেম করে তাঁর বিয়ে হয়। বিয়েতে সীমার পরিবারের সদস্যদের মত ছিল না। বিয়ের দেড় বছর পর তাঁদের একটি ছেলেসন্তান হয়। এরপর সীমা একদিন বাবার বাড়িতে গেলে তাঁর সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁদের বিয়ে ভাঙনের পর্যায়ে চলে যায়। ছয় মাস আগে সীমা বাবার বাড়িতে গেলে আর ফেরেননি। তখন তাঁকে তালাক দেওয়ার জন্য সীমার বাবার বাড়ির লোকজন চাপ দেন। এ নিয়ে সেলিম মানসিক অশান্তির মধ্যে ছিলেন।খুন করার পরিকল্পনা সম্পর্কে জবানবন্দিতে সেলিম উল্লেখ করেন, সিলেটের বাবুর পরামর্শে তিনি স্ত্রীকে খুন করার পরিকল্পনা করেন। স্ত্রীকে তালাক দেওয়ার বিষয়টি সিলেটে মাজার জেয়ারত করার পর আলোচনার মাধ্যমে চূড়ান্ত করার প্রস্তাব দিয়ে সেলিম ও সীমা মামুন পরিবহনের একটি বাসে করে সিলেটে রওনা হন। রাত সাড়ে ১২টায় ভৈরব থেকে বাবু নামের এক যুবক তাঁদের সঙ্গী হন। বাবুকে ঘনিষ্ঠ বন্ধু বলে সীমার কাছে পরিচয় করিয়ে দেন সেলিম। ভোরে সিলেট শহরে পৌঁছে তাঁরা নাশতা করে প্রথমে হজরত শাহপরানের (রহ.) মাজারে যান। সেখান থেকে একটি অটোরিকশাযোগে সিলেট শহরতলির খাদিমনগর চা-বাগানের টিলার চূড়ায় হজরত শাহ বদরের (রহ.) মাজার জেয়ারত করতে যান।খুনের বর্ণনা দিতে গিয়ে জবানবন্দিতে সেলিম জানান, খুনের পরিকল্পনা বাবু করে রেখেছিলেন। শাহপরানের মাজারে এ নিয়ে এক দফা আলোচনা হলে বাবু অপরিচিত এক ব্যক্তিকে ভাড়াটে খুনি বলে পরিচয় করিয়ে দেন। এ সময় তাকে ২০ হাজার টাকা দেওয়া হয়। শাহপরান থেকে শাহ বদরের মাজারে যাওয়ার সময় ওই লোক (ভাড়া করা খুনি) তাঁদের সঙ্গী হয়। পূর্ব পরিকল্পনামতো টিলার চূড়ায় গেলে ওই ব্যক্তি সীমার গলায় ওড়না পেঁচিয়ে ও হাত-পা বেঁধে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করে পালিয়ে যায়।জনতার হাতে ধরা পড়া প্রসঙ্গে সেলিম বলেন, ‘লোকটি যখন সীমাকে খুন করছিল, তখন তার আর্ত চিৎকার শুনে বিচলিত হয়ে পড়ি। মাজারের খাদেমের ধাওয়া খেয়ে উল্টো পথে দৌড়াতে গিয়ে ধরা পড়ি। খুনি ও বাবু সুযোগ বুঝে পালিয়ে গেছে।’সিলেট বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা নাজমুল হুদা জানান, সেলিম তাঁর বন্ধু বাবুর মাধ্যমে খুনি ভাড়া করেছিলেন। বাবু তাঁকে (খুনি) ‘মামু’ বলে সম্বোধন করছিলেন। জবানবন্দিতে সেলিম খুনির শারীরিক বর্ণনা ছাড়া নাম-ঠিকানা কিছুই বলতে পারেননি। ধারণা করা হচ্ছে, লোকটি পেশাদার খুনি। তাকে শনাক্ত করার জন্য সেলিমের বন্ধু বাবুকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।হত্যা মামলা: ময়নাতদন্ত শেষে সীমার পরিবারের লোকজনের কাছে গতকাল মরদেহ হস্তান্তর করা হয়েছে। সীমার বড় বোনের স্বামী মোহাম্মদ লিটন ভূঁইয়া বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এতে সেলিম ও বাবুর নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।