২০ হাজার টাকায় ধর্ষণের দায়মুক্তি!
রাউজানে সঞ্জয় সওদাগর (৩৮) নামের এক ব্যক্তি আট বছরের শিশুকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় নিরঞ্জন সওদাগরের ছেলে। ধর্ষণের ঘটনা প্রকাশ পেলে এলাকার ইউপি সদস্যসহ গ্রামের মাতবরেরা ধর্ষকের পক্ষ নিয়ে সালিস বৈঠকে বসে অপরাধের জন্য ২০ হাজার টাকা জরিমানার প্রতিশ্রুতি দিয়ে বৈঠক শেষ করেছেন।ধর্ষণের এ অভিযোগ উঠেছে ২০ সেপ্টেম্বর দুপুরে। বৈঠক হয়েছে ডাবুয়া ইউনিয়নের রামনাথপাড়ার একটি মন্দিরে গত শনিবার সন্ধ্যায়। স্থানীয় লোকজন জানিয়েছেন, বৈঠকে উপস্থিত ছিলেন ডাবুয়া ইউপির সদস্য রঞ্জিত দে, প্রতুল দে ও মোহামঞ্চদ নাজিম, সাবেক ইউপি সদস্য পরাগ ধর, ছাত্রলীগের নেতা সাজ্জাদ হোসেনসহ অনেকেই। বৈঠকে ধর্ষণের শিকার শিশুটির বাবাকে উপস্থিত রাখা হলেও কেউ তাঁর বক্তব্য নেননি বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। শিশুর মা বলেছেন, ‘এত বড় অপরাধ করার পরও দায়মুক্ত করে দেওয়া কোনোভাবেই মানা যায় না। জরিমানার বিষয়টি আমার জানা নাই। গরিব বলে সমাজের লোকজনের কাছ থেকে আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।’ জানতে চাইলে বৈঠকে উপস্থিত ইউপি সদস্য রঞ্জিত দে সঞ্জয় সওদাগরের অপরাধের জন্য জরিমানা করার কথা স্বীকার করলেও তাঁর দাবি, ওই দিন ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। ডাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কমরউদ্দিন বলেছেন, ঘটনা তদন্ত করে সত্য হলে অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো দরকার। স্থানীয় চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ‘ঘটনাটি শুনে ইউপি সদস্যদের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।’ এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক এম আব্বাস উদ্দিন প্রথমে বলেন, ‘আমি এ রকম কোনো ঘটনার কথা শুনিনি। কেউ এ ব্যাপারে অভিযোগও করেনি।’ পরে স্বীকার করেন, ওই রকম একটি বৈঠক হওয়ার কথা তিনি শুনেছেন।