২০ হাজার নকল সিডি উদ্ধার ৪ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর ইস্টার্ন মল্লিকা শপিংমল থেকে ২০ হাজার নকল সিডি উদ্ধার করা হয়েছে। এ সময় সিডি তৈরির বেশ কিছু যন্ত্রপাতিও জব্দ করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয়, র্যাব এবং পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান হয়েছে বলে জানা গেছে। সূত্র জানায়, গোপন সূত্রের ভিত্তিতে গতকাল দুপুরে ইস্টার্ন মল্লিকার ষষ্ঠ তলার অডিও-ভিডিওর দোকানগুলোয় এ অভিযান চালানো হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের কপিরাইট রেজিস্ট্রার মনজুরুর রহমানের নেতৃত্বে অভিযানে নিউমার্কেট থানা পুলিশ ও র্যাব-২ এর সদস্যরা সহযোগিতা করেন। অভিযানে চারটি দোকান থেকে বিপুল সংখ্যক নকল সিডি-ডিভিডি, কপিয়ার মেশিন ও বাজারজাতকরণের নানা সামগ্রী জব্দ করা হয়। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় চারটি মামলা দায়ের করা হচ্ছে।’ যেসব দোকানে অভিযান হয়েছে সেগুলো হলো—জেএস ইলেকট্রনিকস, সারেগামা এক ও দুই এবং থ্রি-জি টেলি কমিউনিকেশন। এসব দোকান থেকে ২০ হাজার নকল সিডি-ভিসিডি, ২৪টি কপিয়ার মেশিন এবং ২১টি আইপিএস জব্দ করা হয়। অভিযান চালানোর সময় কোনো দোকানের মালিককেই পাওয়া যায়নি। সংস্কৃতি মন্ত্রণালয়ের কপিরাইট রেজিস্ট্রার মনজুরুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দোকানের মালিকদের পাওয়া যায়নি তাতে কোনো সমস্যা নেই। আমরা মালিকদের নাম এবং দোকানের নাম-ঠিকানা নিয়েছি। মালামাল জব্দ করেছি। অভিযুক্ত চার মালিকের নামেই কপিরাইট আইনে আলাদা আলাদা চারটি মামলা করা হবে।’ অডিও-ভিডিও নকল রোধে তথ্য, সংস্কৃতি, স্বরাষ্ট্র, বাণিজ্যসহ সাতটি মন্ত্রণালয়ের যুগ্ম ও অতিরিক্ত সচিবদের এক বৈঠক গতকাল বুধবার অনুষ্ঠিত হয়।