২০ হাজার বস্তা আলুতে পচন কৃষকদের বিক্ষোভ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা-সংলগ্ন সিদ্দিক হিমাগারের প্রায় ২০ হাজার বস্তা (প্রতি বস্তায় ৮০ কেজি) আলুতে পচন ধরেছে। এতে ওই হিমাগারে আলু সংরক্ষণকারী কৃষক ও ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগ, লোডশেডিংয়ের সময় জেনারেটরের মাধ্যমে হিমাগার চালু রাখার কথা থাকলেও জ্বালানি তেলের খরচ বাঁচাতে হিমাগার কর্তৃপক্ষ জেনারেটর ব্যবহার করেনি। এ কারণেই তাঁদের এ ক্ষতির মুখে পড়তে হয়েছে। ক্ষতিপূরণের দাবিতে তাঁরা শনিবার বিক্ষোভ মিছিল এবং গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষক গোলাম সারোয়ার শনিবার ওই হিমাগারে গিয়ে দেখতে পান তাঁর আলুতে পচন ধরেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর আলু সংরক্ষণকারী তিন-চার শ কৃষক হিমাগারের সামনে জড়ো হন। তাঁরা হিমাগারের কর্মকর্তা-কর্মচারীদের না পেয়ে ক্ষতিপূরণের দাবিতে ওই এলাকায় মিছিল বের করেন। এ ব্যাপারে হিমাগারের একজন কর্মকর্তার কাছে জানতে চাইলে সাংবাদিকদের কোনো তথ্য না দেওয়ার জন্য মালিকপক্ষ নিষেধ করেছে বলে জানান তিনি। ওই হিমাগারে আলু সংরক্ষণকারী কৃষক গোলাম সারোয়ার, আবদুল বাতেন ও আনোয়ার আলী জানান, হিমাগারের মালিক ডিজেল খরচ বাঁচাতে গিয়ে পাঁচ শতাধিক কৃষকের কয়েক কোটি টাকার আলু নষ্ট করেছেন। নজরুল ইসলাম জানান, তিনি এই হিমাগারে এক হাজার বস্তা আলু রেখেছিলেন। কিন্তু মালিকপক্ষের অবহেলার কারণে সব আলুতে পচন ধরায় আর্থিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ব্যাপারে হিমাগারের ব্যবস্থাপকের সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের জানান, গতকাল রোববার হিমাগারে গিয়ে তিনি মালিকপক্ষের দায়িত্বশীল কাউকে পাননি। হিমাগারের প্রায় অর্ধেক আলুতে পচন ধরেছে বলে তিনি জানান। হিমাগারের মালিকের ভাই আবদুল মতিন দাবি করেন, হিমাগারে আলুর ধারণ ক্ষমতা ছিল ৪০ হাজার বস্তা। এর ২৫ থেকে ৩০ শতাংশ আলুতে পচন ধরেছে। আবদুল মতিন জানান, হিমাগারের মালিক তাঁর ভাই বাবুল (আরেকবার বলেন বাবলু) বর্তমানে বিদেশে আছেন। দেশে ফিরে তিনি কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে ইউএনওর সঙ্গে আলোচনা করবেন। উপজেলা কৃষি কর্মকর্তা তপন রঞ্জন মজুমদার জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে মালিকপক্ষের জেনারেটরের মাধ্যমে হিমাগারের তাপমাত্রা ঠিক রাখা উচিত ছিল। হিমাগারে অবশিষ্ট ভালো আলুর বস্তাগুলো শিগগিরই পাল্টানো না হলে সেই আলুগুলোও পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।