ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা থেকে গত এক বছরে প্রায় ২০ হাজার বিলবোর্ড এবং ৭০ হাজার ব্যানার-ফেস্টুন উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক। এখনো যেসব রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যানার-ফেস্টুন আছে, সেগুলো স্বেচ্ছায় সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গুলশানে সিটি করপোরেশনের নতুন ভবনে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে মেয়র এসব কথা বলেন। চার বছর আগে হাইকোর্ট ব্যক্তিগত ও পাবলিক স্থাপনায় অবৈধ ও বেআইনিভাবে স্থাপিত হোল্ডিং, পোস্টার, ব্যানার, দেয়াললিখনসহ সব প্রচারণা উপকরণ অপসারণে ঢাকা সিটি করপোরেশনকে (উত্তর ও দক্ষিণ) এক আদেশ দেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে ১৪ আগস্ট হাইকোর্ট আরেক আদেশে দুই সিটি করপোরেশন অননুমোদিত পোস্টার, ব্যানার, তোরণ, দেয়াললিখন ও প্রচারণার অন্যান্য উপকরণ অপসারণে কোনো পদক্ষেপ নিয়েছে কি না, তা জানতে চেয়েছেন। আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বাস্তবায়নের তথ্য জমা দিতে বলা হয়েছে।
আনিসুল হক বলেন, গত বছর তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে বিলবোর্ড অপসারণের কাজ শুরু হয়েছে। ঢাকা এখন মোটামুটিভাবে বিলবোর্ডমুক্ত। আদালতের নির্দেশের পর সিটি করপোরেশনের অবস্থান আরও কঠোর হয়েছে। নির্দেশ পাওয়ার পর থেকে ২০০ বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।
আগামী সোমবার আদালতের আদেশের জবাব দেবেন জানিয়ে মেয়র বলেন, এখনো বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন সাঁটাচ্ছেন। এটাকে আর প্রশ্রয় দেওয়া হবে না। যাঁরা অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন লাগিয়েছেন, সেগুলো সরিয়ে না ফেললে উচ্ছেদ করা হবে এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
করপোরেশনের কাউন্সিলরদের নাম ও ছবি ব্যবহার করে ব্যানার, তোরণ বসানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘তিন-চারজন কাউন্সিলর এমন আছেন, এটা ঠিক। তাঁদের ব্যক্তিগতভাবে বলেছি এগুলো সরিয়ে নিতে। এরপরে নিশ্চয়ই কাউন্সিলররা আরও সচেতন হবেন।’
এখনই আইনি ব্যবস্থা না নিয়ে অনুরোধ করা হচ্ছে কেন—এমন প্রশ্নে আনিসুল হক বলেন, ‘আইনি ব্যবস্থা চাইলে নেওয়া যায়। তার বদলে শান্তি-সম্প্রীতির মাধ্যমে কাজ সমাধান করতে চাই। অনুরোধে অনেক কাজ হয়েছে। আশা করছি, কঠোর হতে হবে না।’
সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভূঁইয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।