২০ হাজার বোতল ‘হর্স ফিলিংস’ জব্দ, তিনজন গ্রেপ্তার
চাঁদপুরের বিসিক শিল্পনগরে অবস্থিত এশিয়া অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালিয়ে তাদের উৎপাদিত ২০ হাজার বোতল হর্স ফিলিংস এনার্জি ড্রিংকস জব্দ করেছে র্যাব। একই সঙ্গে মালিক ও ম্যানেজারসহ তিনজনকে গ্রেপ্তার করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। র্যাব বলেছে, ওই এনার্জি ড্রিংকসে ফেনসিডিলের বিকল্প নেশাজাতীয় উপাদান পাওয়া গেছে। নির্বাহী হাকিম এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে ঢাকা থেকে আসা র্যাব-৪-এর একটি দল চাঁদপুরে অবস্থানরত র্যাব-১১-এর সদস্যদের নিয়ে গত শনিবার এ অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: প্রতিষ্ঠানের মালিক হাকিম শাহেদ হোসেন পাটওয়ারী (৩২), তাঁর ছোট ভাই মাহবুব হোসেন পাটওয়ারী (২৯) ও কারখানা ম্যানেজার ইমরান হোসেন (২৮)। তাঁদের মধ্যে শাহেদ হোসেনকে ঢাকার মহাখালী এলাকায় অবস্থিত নিজ কার্যালয় এবং বাকি দুজনকে চাঁদপুরের কারখানা থেকে আটক করা হয়।চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কাশেম সাংবাদিকদের বলেন, এ ঘটনায় তাঁরা মামলা করেছেন।