শিক্ষক, আবাসন ও শ্রেণীকক্ষের সংকটে ব্যাহত হচ্ছে নরসিংদী সরকারি কলেজের কার্যক্রম। প্রায় ২০ হাজার শিক্ষার্থীর বিপরীতে ২০২ জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ৭৫ জনকে দিয়ে চলছে নরসিংদীর সবচেয়ে বড় এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। ১৯৪৯ সালে জেলা শহরের প্রাণকেন্দ্রে ৮ দশমিক ৫৭ একর জমিতে কলেজটি প্রতিষ্ঠিত হয়। যোগাযোগব্যবস্থা সহজ থাকায় পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও গাজীপুরের শিক্ষার্থীরাও এই প্রতিষ্ঠানে ভর্তি হন। বর্তমানে এই কলেজে উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।সরেজমিনে জানা যায়, ঐতিহ্যবাহী এই কলেজটিতে দীর্ঘদিন ধরে চলছে শিক্ষক ও আবাসনসংকটসহ নানাবিধ সমস্যা। এনাম কমিশনের প্রতিবেদন অনুযায়ী, ১৬টি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্স চালু থাকলে প্রতি বিভাগে ন্যূনতম ১২ জন শিক্ষক থাকার কথা। কিন্তু নরসিংদী সরকারি কলেজের কোনো বিভাগেই এখন চারজনের বেশি শিক্ষক নেই। কলেজ সূত্র জানায়, শিক্ষকের মোট ২০২টি পদের বিপরীতে বর্তমানে ১২৭টি পদ শূন্য রয়েছে। তবে শিক্ষকসংকট মোকাবিলায় কলেজ কর্তৃপক্ষ মাস্টাররোলে কিছু শিক্ষক নিয়োগ দিলেও তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ শিক্ষার্থীরাই।এ ছাড়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়েনি শিক্ষক, একাডেমিক ভবন ও শিক্ষক-শিক্ষার্থীদের আবাসনব্যবস্থা। অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ ৭৭ জন শিক্ষকের মধ্যে মাত্র চারজনের জন্য রয়েছে আবাসনব্যবস্থা। এদিকে শ্রেণীকক্ষের সংকটও একটি বড় সমস্যা। দুটি একাডেমিক ভবনে রয়েছে মাত্র ২৬টি শ্রেণীকক্ষ। প্রায় ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে আবাসন-সুবিধা পান মাত্র ১৩৭ ছাত্র ও ১১৫ জন ছাত্রী।এদিকে অধ্যক্ষের জন্য নির্মিত বাসভবনটি পুরোনো ও জরাজীর্ণ হয়ে পড়ায় নয় বছর ধরে কোনো অধ্যক্ষই সেটি ব্যবহার করতে পারেননি। ফলে অধ্যক্ষকে বাধ্য হয়ে ভাড়াবাড়ি কিংবা ডরমিটরিতে থাকতে হচ্ছে। অধ্যক্ষের অব্যবহূত বাসভবনটিতে বর্তমানে পরিবার-পরিজন নিয়ে উঠেছেন গাড়িচালক মো. সিরাজ মিয়া ও নিরাপত্তাকর্মী মো. ছিদ্দিক মিয়া। শিক্ষার্থীদের অভিযোগ, নানাবিধ সমস্যার কারণে কলেজের এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার ফলাফল আশানুরূপ হচ্ছে না। ঢাকায় বসবাসের কারণে কয়েকজন শিক্ষক নিয়মিত ক্লাস নিতে পারেন না। এ ছাড়া শ্রেণীকক্ষের সংকটও অনিয়মিত ক্লাসের অন্যতম কারণ। শিক্ষার্থীরা আরও বলেন, কলেজের একটি সুবিশাল মাঠ থাকলেও এটি তুলনামূলকভাবে অনেক নিচু ও অসমান। তাই বর্ষাকালে সামান্য বৃষ্টিতে সেখানে হাঁটুপানি জমে যায়। কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক বলেন, সম্প্রতি শিক্ষকের ১২৭টি শূন্যপদের জন্য মন্ত্রণালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিভাগে ২৮টি পদের অনুমোদন পাওয়া গেছে। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় বিষয়টি দীর্ঘদিন দরে আটকে আছে। আর বাসভবন যেহেতু বসবাসের অনুপযোগী এবং ডরমিটরিও খালি নেই, তাই বাধ্য হয়ে ঢাকা থেকে আসা-যাওয়া করতে হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়।কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক মো. গোলাম আযম বলেন, অধ্যক্ষের আবাসন-সমস্যাসহ কলেজের আরও কিছু সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।