২০-২৬ জানুয়ারি কারা সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মীদের দৃষ্টিভঙ্গি বদল ও কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যে আগামী ২০-২৬ জানুয়ারি কারা সপ্তাহ পালিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের কাশিমপুর কারাগারে কারা সপ্তাহের উদ্বোধন করবেন।

পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে কারা অধিদপ্তরে কারা সপ্তাহ-২০১৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রিজন) কর্নেল মো. ফজলুল কবীর এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ‘কারাগার হোক সংশোধনাগার’—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে কারা কর্তৃপক্ষ অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। একসময় কারাগার শুধু সাজা কার্যকরের প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হতো। বর্তমানে সাজা ভোগ করে কারাগার থেকে বের হয়ে যাওয়ার পর বন্দীরা যাতে নতুন করে অপরাধে জড়িয়ে না পড়েন, এ জন্য বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে জানানো হয়, কারাগারে বন্দীদের কারিগরি বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বন্দীদের মানসিক উন্নতিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। কারা কর্তৃপক্ষের হালনাগাদ কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেওয়া এবং কারাকর্মীদের দৃষ্টিভঙ্গি বদল ও কর্মস্পৃহা বাড়াতে এই কারা সপ্তাহ পালন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রিজন) কর্নেল মো. ফজলুল কবীর বলেন, ২০০৬ সালে প্রথম কারা সপ্তাহ পালিত হয়ে আসছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর ছাড়া বাকি সব প্রতিশ্রুতি পূরণ হওয়ার পথে। এ ছাড়া ৩ হাজার ১০৭টি পদে নিয়োগের অনুমোদন পাওয়া গেছে। রাজশাহীতে চলছে কারা প্রশিক্ষণ ইনস্টিটিউটের কার্যক্রম চালুর প্রস্তুতি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কারা অধিদপ্তরের উপমহাপরিদর্শক (সদর দপ্তর) ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ।