নেত্রকোনার মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আজ মঙ্গলবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ৪৫টি কেন্দ্রের মধ্যে ২০টিকে অধিক গুরুত্বপূর্ণ (অধিক ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
স্থানীয় ব্যক্তিরা বলেন, ভোটের মাঠে দুই প্রার্থীর অবস্থাই ভালো। তাঁদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে বন্যায় বোরোর ক্ষতি হওয়ায় নির্বাচনের আমেজ পাওয়া যায়নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ হারেছের মৃত্যুতে পদটি শূন্য হয়। ভোটে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কদ্দুছ ও বিএনপির প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম আকন্দ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জহিরুল হক বলেন, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আটটি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ শুরু হচ্ছে। মোট ভোটারসংখ্যা ১ লাখ ৭ হাজার ৩৫৭।
এসপি জয়দেব চৌধুরী বলেন, অপেক্ষাকৃত দুর্গম ও অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ জন করে সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া ২৫টি সাধারণ কেন্দ্রে থাকবেন ৮ জন করে সদস্য।