২০টি ছোট জাহাজ নির্মাণ করবে ওয়েস্টার্ন মেরিন
চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড একসঙ্গে ছোট আকারের ২০টি জাহাজ নির্মাণের কার্যাদেশ পেয়েছে। এসব জাহাজ নির্মাণ করে চট্টগ্রামভিত্তিক এভারগ্রিন শিপিং লিমিটেডকে সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কর্মকর্তারা বলেন, প্রতিটি জাহাজের পণ্য ধারণক্ষমতা হবে দেড় হাজার টন। বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য স্থানান্তর করে সারা দেশে অভ্যন্তরীণ নদীপথে চলবে এসব জাহাজ। ৩৬ মাসের মধ্যে এসব জাহাজের নির্মাণকাজ শেষ করে সরবরাহ করার কথা রয়েছে। এসব জাহাজের আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটি টাকা।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন জানান, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থার তত্ত্বাবধানে এসব জাহাজ নির্মাণ করা হবে। অভ্যন্তরীণ নদীপথ বা প্রতিবেশী দেশের উপকূলীয় এলাকায় চলাচলের উপযোগী করে এসব জাহাজ
নির্মাণ করা হবে। এসব জাহাজে জাপান ও ইউরোপের যন্ত্রপাতি সংযোজন করা হবে।