২০টি বসতভিটা পায়রায় বিলীন, ঝুঁকিতে শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজান থেকে নেমে আসা পানি ও পায়রা নদীর জোয়ার-ভাটার প্রবল স্রোতে পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ফেরিঘাট এলাকায় ভাঙনের তীব্রতা বেড়েছে। এক সপ্তাহে এ এলাকার অন্তত ২০ পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। ঝুঁকির মুখে রয়েছে এখানকার আরও শতাধিক পরিবার।

 স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, লেবুখালী এলাকায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ১৯৮৪ সালে পায়রার পাড়ে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে। নদীর প্রবল স্রোতে বিভিন্ন সময় এই বাঁধ ভেঙে যায়। পরে তা মেরামতও করা হয়েছে। কিন্তু গত মে মাসে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে পুরো বাঁধ বিধ্বস্ত হলেও মেরামত করা হয়নি। চলতি মৌসুমে ভাঙনের তীব্রতা বেড়েছে। ১০ আগস্ট থেকে সাত দিনে এলাকার ২০টি বসতভিটা নদীতে বিলীন হয়েছে। এর মধ্যে খালেক হাওলাদার, সোহাগ প্যাদা, আনোয়ার ফরাজী, শাহিনুর বেগম, জেন্নাত খা, আমীর সিকদার, ফরমান খা, ছালাম খার বাড়ি রয়েছে। এ ছাড়া শতাধিক পরিবারের বসতভিটা ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

গত মঙ্গলবার লেবুখালী ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ৮০ বছরের বৃদ্ধা রাবেয়া বেগমের বসতঘর ভাঙনের মুখে। তিনি বলেন, ‘১৩ বছর বয়সে বউ হয়ে এখানে আসি। শ্বশুরবাড়িতে সবকিছুই ছিল। নদীর ভাঙনে সব হারিয়েছি। দুইবার বসতঘর সরাতে হয়েছে। এখন এই ঘরটি বিলীন হলে কোথায় যাব?’

একই এলাকার আবদুল রব আকনের বসতবাড়ির দিকেও ভাঙন এগিয়ে আসছে। তিনি বলেন, ‘বাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে ফসলের খেত। আমনের আবাদও ব্যাহত হচ্ছে।’

লেবুখালী ফেরিঘাটের পূর্ব দিকের বাসিন্দা আনোয়ার ফরাজী বলেন, ‘বাপ-দাদার ভিটা প্রায় সবই আগে পায়রা নদীর গর্ভে বিলীন হয়েছে। শুধু আছে এই বসতবাড়িটি। তা-ও এখন ভাঙনের মুখে।’

লেবুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জব্বার সিকদার বলেন, প্রতিরক্ষা বাঁধ না থাকায় এখন নদীর ভাঙন বসতবাড়ির দিকে দ্রুত এগিয়ে আসছে। উজান থেকে নেমে আসা বানের পানির সঙ্গে নদনদীর জোয়ার-ভাটায় ভাঙন আরও তীব্র হচ্ছে। লেবুখালী এলাকায় অনেকের বসতভিটা ঝুঁকিতে রয়েছে।

পাউবো পটুয়াখালীর উপসহকারী প্রকৌশলী আবু বকর ভূইয়া বলেন, পায়রা নদীর প্রবল স্রোতের কারণে লেবুখালী প্রতিরক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। চেষ্টা করেও বাঁধের ভাঙন ঠেকানো যায়নি। এখন নতুন করে বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।