২০টি বাড়ি বিলীন, ভাঙনের মুখে চিলমারী রক্ষা বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে ২০টি বাড়ি নদে বিলীন হয়ে গেছে। এ ছাড়া ভাঙনের মুখে পড়েছে প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত চিলমারী রক্ষা বাঁধ।এলাকাবাসী জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে ব্রহ্মপুত্র নদে পানি বেড়ে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত ৪৮ ঘণ্টার ভাঙনে উপজেলার গুড়াতিপাড়া গ্রামের ২০টি বাড়ি ব্রহ্মপুত্র নদে বিলীন হয়েছে। এ ছাড়া ভাঙনে ২০ একর তোষা পাট, ১০ একর বীজতলা এবং এক একর বাঁশঝাড়সহ প্রায় ৫০ একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ২০০৮ সালে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা প্রকল্পের অধীনে ১১৬ কোটি টাকা ব্যয়ে উপজেলার পুটিমারী থেকে রাজারভিটা পর্যন্ত মাত্র আড়াই কিলোমিটার ভাঙন প্রতিরোধ বাঁধ নির্মাণ করা হয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় পানি বৃদ্ধিতে ডান তীর রক্ষা বাঁধটি হুমকির মুখে পড়েছে।ভাঙনকবলিত এলাকার শতাধিক পরিবার অতি কষ্টে দিনাতিপাত করছে। ভাঙনের আশঙ্কায় ৫০টি পরিবার বাড়ি-ঘর সরিয়ে নিয়েছে। ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে উপজেলার অষ্টমীরচর, নয়ারহাট ও চিলমারী ইউনিয়নে নদীভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। এ ব্যাপারে কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আবু তাহের বলেন, উপজেলা রক্ষায় দ্বিতীয় দফা কাজ শুরু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদা পাঠানো হয়েছে। স্থানীয় সাংসদ মো. জাকির হোসেন বলেন, ভাঙন রোধে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।