২০টি বাড়িতে ভাঙচুর লুটপাট, ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার জের ধরে গত সাত দিনে ২০টি বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও তিন কোটি টাকার ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ রয়েছে।এলাকাবাসীর কয়েকজন জানান, ১ জুলাই সন্ধ্যায় ওই গ্রামের লস্করবাড়ির ছায়েদ মিয়া লস্করের ধানের জমিতে গরু চরান একই গ্রামের শেখবাড়ির শেখ আবু বক্করের ছেলেরা। এতে বাধা দেন লস্করবাড়ির লোকজন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে ২ জুলাই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। ৫ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছায়েদের ছেলে জয়নাল মিয়া লস্কর মারা যান। মুমূর্ষু অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ছায়েদ। শিমুলঘর উত্তর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফখরুল ইসলাম জানান, জয়নাল মারা যাওয়াকে কেন্দ্র করে লস্করবাড়ির লোকজন শেখবাড়ির লোকজনদের আসামি করে একটি মামলা করেন। মামলায় ৭৩ জনকে আসামি করা হয়েছে। এর পর থেকে শেখবাড়ির লোকজন পালাতক রয়েছেন। এ সুযোগে লস্করবাড়ির লোকজন শেখবাড়ির ২৫টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেন। এতে শেখবাড়ির লোকজনের প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে স্কুলটিও বন্ধ রয়েছে।লুটপাটের অভিযোগ অস্বীকার করে জালাল উদ্দিন লস্কর প্রথম আলোকে বলেন, ‘শেখবাড়ির লোকজন নিজেরাই মালামাল অন্যত্র সরিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’ সরেজমিনে গতকাল শুক্রবার দেখা যায়, শেখ হান্নান মিয়ার ঘরের পাশের একটি নলকূপ খুলে নিয়ে যাচ্ছে কয়েকজন। ছবি তুললে তাঁরা পালিয়ে যান। কয়েক দিন আগে শুধু ঘরে রক্ষিত জিনিসপত্র লুট করা হয়েছিল। এখন ঘরে বেড়া, চাল, টিনসহ দরজা-জানালা খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। স্থানীয় ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল হক চৌধুরী জানান, খুন হয়েছে সত্য। তেমনি লুটপাটও হয়েছে।মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ‘লুটপাটের বিষয়টি জানা নেই। কাল শিমুলঘরে গিয়ে বিষয়টি দেখব।’