২০টি সরকারি বিদ্যালয়ে শিক্ষকের ২৩৫ পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগের ছয় জেলার ২০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের ২৩৫টি পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন পদ খালি থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের মোট ২০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের ৭৪৩টি পদ রয়েছে। এঁদের ২০ জন প্রধান শিক্ষক, ৩০ জন সহকারী প্রধান শিক্ষক ও ৬৯৩ জন সহকারী শিক্ষক। বর্তমানে প্রধান শিক্ষকের ছয়টি, সহকারী প্রধান শিক্ষকের ২৫টি পদ শূন্য। সহকারী শিক্ষকের ৬৯৩ পদের মধ্যে খালি রয়েছে ২০৪টি। সহকারী প্রধান শিক্ষকের পদ পূরণের জন্য ৪১ জন সহকারী শিক্ষকের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। সহকারী শিক্ষকের খালি পদ পূরণের জন্য মন্ত্রণালয়ে অনুরোধ জানানো হয়েছে।
কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল নগরের জিলা স্কুলের প্রধান শিক্ষক থাকলেও সহকারী প্রধান শিক্ষকের পদটি দীর্ঘদিন ধরে শূন্য। এ ছাড়া বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ে খালি রয়েছে সহকারী প্রধান শিক্ষকের দুটি পদ।
পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়, সিরাজুল হক সরকারি বালিকা বিদ্যালয়, ভোলার চাঁদপুর সরকারি উচ্চবিদ্যালয়, দৌলতখান সরকারি উচ্চবিদ্যালয়, দৌলতখান সরকারি বালিকা বিদ্যালয় ও তজুমদ্দীনের ফজিলাতুন নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য।
সবচেয়ে বেশি শিক্ষকসংকট রয়েছে বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়ে। এ বিদ্যালয়ে ৪৯টি সহকারী শিক্ষকের ২৯টি পদ শূন্য। এখানে সহকারী প্রধান শিক্ষকের দুটি পদও শূন্য। পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়ে ৪৯টি সহকারী শিক্ষকের ২১টি পদ খালি। এর সঙ্গে সহকারী প্রধান শিক্ষকের দুটি পদ শূন্য রয়েছে। পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বরগুনা জিলা স্কুল ও ভোলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষকের ৩৯টি পদ শূন্য রয়েছে।
বরিশালের সরকারি বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আমিনুল ইসলাম বলেন, শিক্ষকসংকটের কারণে এখানে নিয়মিত পাঠদান হয় না। তবে অতিরিক্ত পড়ানোর নামে কোচিং ঠিকই চলছে। স্কুলে নিয়মিত পাঠদান না হওয়ায় অভিভাবকেরা বাধ্য হয়ে সন্তানদের কোচিংয়ে পাঠাচ্ছেন।
বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন প্রথম আলোকে বলেন, এ বিদ্যালয়ে কম্পিউটার, হিন্দু ধর্ম ও চারুকারু কলার শিক্ষক নেই।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বরিশালের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদানে কিছুটা সমস্যা হচ্ছে। সহকারী প্রধান শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হয়েছে। এ কারণে সহকারী প্রধান শিক্ষকদের অধিকাংশ পদ খালি। এর সঙ্গে সহকারী শিক্ষকদের ২০৪টি পদ শূন্য রয়েছে। দ্রুত এসব পদ পূরণে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।