২০টিতে তৃণমূল নেত্রীদের মনোনয়ন দিচ্ছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রাপ্য ৩৯টি আসনের মধ্যে ২০টিতেই মনোনয়ন দেওয়া হচ্ছে দলের তৃণমূল নেত্রীদের। অর্থাৎ প্রাপ্য আসনের অর্ধেকের বেশি আসনে জেলা পর্যায়ের নেত্রীরা দলীয় মনোনয়ন পাচ্ছেন। আর রাজধানীকেন্দ্রিক রাজনীতিতে আওয়ামী লীগের মহিলা শাখার যেসব নেত্রী বিগত দিনে সক্রিয় ছিলেন, তাঁদের মধ্য থেকে ১০ জনকে মনোনয়ন দেওয়া হবে।
বাকি নয়টি আসনের মধ্যে শিক্ষা-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদান রেখেছেন, এমন চার-পাঁচজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে মনোনয়ন দেওয়া হতে পারে। এ ছাড়া পুরোনো নারী সাংসদদের মধ্যে তিন-চারজন এবারও মনোনয়ন পেতে পারেন। আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ৯ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ১১ মার্চ, প্রত্যাহার ১৮ মার্চ এবং আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণের তারিখ রয়েছে।
সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে আগামীকাল বুধবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক ডাকা হয়েছে। সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী আসনে মনোনয়নের জন্য কয়েকটি মানদণ্ড ঠিক করেছেন। এর মধ্যে রয়েছে, ঢাকার বাইরে যেসব জেলা থেকে আগে কখনো নারী সাংসদ হননি, সেই জেলাগুলোর নেত্রীদের অগ্রাধিকার দেওয়া। এ ছাড়া কেন্দ্রীয় পর্যায়ের রাজনীতিতে ত্যাগী ও সক্রিয় নেত্রীদের মূল্যায়ন করা।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানায় ঢাকা, মনিকগঞ্জ, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, নড়াইল, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, নীলফামারী, দিনাজপুর, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, সিলেট, জামালপুর, নওগাঁ, নেত্রকোনা, জয়পুরহাট, পিরোজপুর, রাজশাহী, বগুড়া, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, কুড়িগ্রাম, মুন্সিগঞ্জ ও বরিশাল জেলা থেকে এবার কেউ মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কম। গত সংসদে এসব জেলা থেকে নারী আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল। বাকি ৩৬টি জেলা থেকে এবার মনোনয়ন দেওয়া হবে। এ ক্ষেত্রে ১৯৯৬ এবং ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সপ্তম ও নবম সংসদে যেসব জেলা বঞ্চিত হয়েছে, সেসব জেলাকে অগ্রাধিকার দিয়ে এবার দলীয় মনোনয়ন দেওয়া হবে।
দলীয় সূত্র জানায়, আগামীকাল আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে মনোনয়ন চূড়ান্ত করার কথা থাকলেও দলীয় সভানেত্রী শেখ হাসিনা একটি খসড়া করেছেন। দলীয় মনোনয়ন অনেকটাই ঠিকঠাক করে ফেলেছেন তিনি। সংসদীয় দলের বৈঠকে চূড়ান্ত তালিকা করা হবে।
সংবিধান অনুযায়ী ৫০টি সংরক্ষিত আসনে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো আনুপাতিক হারে পাবে। অর্থাৎ দলগুলো প্রতি ছয়জনে একজন নারী সাংসদ পাবে।