২০টির মধ্যে ১০টিতেই প্রধান শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিভাগের ২০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১০টিতে প্রধান শিক্ষক নেই। সহকারী প্রধান শিক্ষকের ৩২টি পদের সবগুলো শূন্য। পর্যাপ্ত শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলোতে লেখাপড়ার ব্যাঘাত ঘটছে।
বরিশাল বিভাগীয় মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এ অঞ্চলে ২০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর অর্ধেক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সহকারী প্রধান শিক্ষকের জন্য মঞ্জুরিকৃত ৩২টি পদ থাকলেও সবগুলো শূন্য রয়েছে। সহকারী শিক্ষকদের ৬৯৩ পদের মধ্যে কর্মরত আছেন ৪৯৬ জন। ১৯৭টি পদ শূন্য।
প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়গুলো হলো পটুয়াখালী সরকারি জুবলী উচ্চবিদ্যালয়, ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়, পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয়, পিরোজপুরের নাজিরপুর উপজেলার সিরাজুল হক সরকারি উচ্চবিদ্যালয়, ভান্ডারিয়া উপজেলার বন্দর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ভোলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর সরকারি উচ্চবিদ্যালয় ও ফজিলাতুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, দৌলতখান উপজেলার সরকারি উচ্চবিদ্যালয় ও দৌলতখান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
২০টি বিদ্যালয়ের মধ্যে সাতটি বিদ্যালয়ে দুটি করে সহকারী প্রধান শিক্ষকের পদ রয়েছে। বাকি আটটিতে একটি করে পদ রয়েছে। কিন্তু এ পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক বলেন, ‘১৯৯১ সালে যোগদান করেছি। ২৫ বছর পার হলেও আজ পর্যন্ত পদোন্নতি পাইনি।’ তিনি বলেন, নিয়ম হলো চাকরির বয়স ১২ বছর হলে পদোন্নতি পেয়ে সহকারী প্রধান শিক্ষক হবেন। আর সহকারী প্রধান শিক্ষক পদে তিন বছর চাকরির পর প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন। পদোন্নতি না হওয়ায় বিদ্যালয়গুলোতে শিক্ষকসংকট চরমে পৌঁছেছে। ফলে এর প্রভাব পড়ছে বিদ্যালয়ের পড়াশোনার ওপর।
২০১৫ সাল থেকে বরিশাল নগরীর কাউনিয়া ও রূপাতলী এলাকায় নতুন দুটি সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। যেখানে বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষকদের এনে সংযুক্তি করে জিলা স্কুলের বর্ধিত ক্যাম্পাসে এর পড়াশোনা চলছে।
রূপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন সংযুক্ত হয়েছেন বরিশাল জিলা স্কুল থেকে। তিনি বলেন, তাঁর বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২৫৬ জন শিক্ষার্থী আছে। বরিশাল, বরগুনাসহ বিভাগের বিভিন্ন জেলার সরকারি বিদ্যালয় থেকে শিক্ষক সংযুক্ত করে পড়াশোনা করাচ্ছেন।
বিভাগীয় মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র আরও জানায়, শুধু বরিশালের জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষকের কোনো পদ খালি নেই। এদিকে, ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর সরকারি উচ্চবিদ্যালয়ে ১২ জনের মধ্যে চারজন শিক্ষক, পিরোজপুর জেলার কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ১৫ জনের মধ্যে সাতজন, কাউখালী কেজি ইউনিয়ন সরকারি উচ্চবিদ্যালয়ে ১৬ জনের মধ্যে সাতজন সহকারী শিক্ষক আছেন।
বরগুনা জিলা স্কুলের প্রধান শিক্ষক হাসিনা বেগম প্রথম আলোকে বলেন, তাঁদের বিদ্যালয়ে শিক্ষকের ৫২টি পদ থাকলেও আছেন মাত্র ২৬ জন। ইংরেজি বিষয়ে প্রভাতি ও দিবা দুই পালায় আটজন শিক্ষক থাকার কথা থাকলেও মাত্র দুজন আছেন। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক সমস্যা হচ্ছে। পরীক্ষার ফলাফলেও বিরূপ প্রভাব পড়ছে।
বরিশাল নগরের একজন অভিভাবক কাকলী আক্তার। তিনি বলেন, শিক্ষকসংকটের কারণে বিদ্যালয়ে নিয়মিত পড়াশোনা হয় না। এ জন্য সন্তানদের কোচিং সেন্টারে নিয়ে যেতে হয়। তাঁদের বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হয়।
বরিশাল আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা কার্যালয়ের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এখন সহকারী শিক্ষক নিয়োগ হবে। ইতিমধ্যে নিয়োগবিধি সচিব কমিটিতে পাস হয়েছে। প্রাথমিক ও মাদ্রাসার মতো তাঁদের জন্য আলাদা অধিদপ্তর থাকলে শিক্ষক নিয়োগ, পদোন্নতির বিষয়গুলো সহজে সমাধান করা যেত। শিক্ষানীতির ঘোষণা অনুযায়ী অধিদপ্তরের বিষয়টি কার্যকর করা হলে মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় আরও গতি আসবে।