২০টির মধ্যে ১৮টিতেই প্রধান শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ও বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
সদর উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র দুটিতে প্রধান শিক্ষক আছেন।
সূত্র জানায়, চরশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরুল্লাপুর, পূর্ব নুরুল্লাপুর, পূর্ব সৈয়দপুর বালিকা, রহিমপুর, উত্তর রামপুর, তিতারকান্দি, কল্যাণপুর, পূর্ব সৈয়দপুর বালক, উত্তর-পশ্চিম নুরুল্লাপুর, পূর্ব জাফরপুর, পূর্ব চরশাহী, দক্ষিণ-পূর্ব সৈয়দপুর, রূপাচরা, গোবিন্দপুর, উত্তর তিতারকান্দি, পূর্ব রামপুর ও জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য।
সম্প্রতি রূপাচরা, রামপুর ও সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে স্কুলগুলোর কার্যক্রম চলছে।
উত্তর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তাহের বলেন, ২০১১ সালের মার্চে প্রধান শিক্ষক মো. আবদুর জাহের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে যান। এর পর থেকে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থী দুই শতাধিক। বিদ্যালয়ে শিক্ষকের চারটি পদ থাকলেও বর্তমানে আছেন তিনজন। প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকদের বিভিন্ন দাপ্তরিক কাজ করতে হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তিতারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল আলম জানান, ২০১১ সাল থেকে ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই।
রূপাচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাইনুল হোসেন বলেন, ২০০৮ সালের মার্চ থেকে প্রধান শিক্ষকের পদ শূন্য। প্রধান শিক্ষক না থাকায় শিক্ষকদের ক্লাস চালাতে হিমশিম খেতে হচ্ছে। প্রধান শিক্ষকের জন্য উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে আবেদন করেও কোনো ফল হয়নি।
চরশাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলজার মোহাম্মদ বলেন, চরশাহী ইউনিয়ন লক্ষ্মীপুর সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এখানকার অধিকাংশ শিক্ষকই এলাকার বাইরের। নিয়োগের পর কাজে যোগ দিয়ে তাঁরা বদলি হয়ে অন্যত্র চলে যান। তিনি বলেন, শিক্ষক-সংকটের কারণে এ ইউনিয়নের ছেলেমেয়েদের লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে।
লক্ষ্মীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ইয়াছমিন বলেন, ১৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় কিছুটা হলেও পাঠদানে সমস্যা হচ্ছে। শূন্য পদগুলো পূরণের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, শিক্ষক নিয়োগ হলে এ সমস্যা আর থাকবে না।