২০০ আসনের বিপরীতে এক হাজারের বেশি আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজ কেন্দ্রে ২০১১-১২ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রথম পর্ব হিসাববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে ২০০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে এক হাজার ৫০টি। ফলে এ দুটি বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগ হারাবেন অনেক শিক্ষার্থী।

এ বছর ডিগ্রি (পাস) পরীক্ষায় একই সঙ্গে দুটি শিক্ষাবর্ষের (২০০৭-০৮ ও ২০০৮-০৯) ফলাফল প্রকাশ হওয়ায় আবেদনকারীর সংখ্যাও প্রায় দ্বিগুণ হয়ে যায়। এসব শিক্ষার্থীর কথা ভেবে মুহসীন কলেজের অধ্যক্ষ সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আসন বাড়ানোর আবেদন জানান।

এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) সায়েদা বানু বলেন, ‘আসন বাড়ানোর ব্যাপারে এখন  কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। প্রথমবার ভর্তি-প্রক্রিয়া শেষ হওয়ার পরে আবার যখন ভর্তি কার্যক্রম হাতে নেব, তখন এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শিক্ষার্থী ও কলেজ সূত্রে জানা যায়, ১০ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম পর্ব হিসাববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের ফলাফল প্রকাশিত হয়। এতে মেধাতালিকা থেকে অনেক মেধাবী শিক্ষার্থী বাদ পড়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।

হাজী মুহাম্মদ মুহসীন কলেজ থেকে ডিগ্রি পাস করা রাকিবুর রহমান চৌধুরী বলেন, ‘আমি সব বিষয়ে ফার্স্ট ক্লাসের নম্বর পেয়েও হিসাববিজ্ঞান বিষয়ের মেধাতালিকায় স্থান পাইনি আসন সংকটের কারণে। আসন না বাড়লে আমার উচ্চশিক্ষা গ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।’

চট্টগ্রামের স্যার আশুতোষ ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি পাস করা মনোয়ারা বেগম বলেন, ‘পছন্দের তালিকায় তিনটি কলেজের নাম দিয়ে একটিতেও ঠাঁই হয়নি আমার। অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণীর নম্বর থাকায় মুহসীন কলেজ কেন্দ্রে আবেদন করেছি। কিন্তু মেধাতালিকায় নাম আসেনি। আমার জানামতে, আমাদের কলেজ থেকে পাস করা প্রায় ৩৫০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র চার-পাঁচজন টিকেছেন। তাহলে আমরা কোথায় যাব?’

আবেদনকারী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ৫ অক্টোবর চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজের অধ্যক্ষ মো. আবদুল গোফরান জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের ডিন বরাবরে মাস্টার্স প্রথম পর্ব হিসাববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে আসন বাড়ানোর আবেদন করেন। এতে তিনি মাস্টার্স অব বিজনেস স্টাডিজ (এমবিএস) প্রথম পর্বে হিসাববিজ্ঞান বিষয়ে ৪০০ আসন এবং মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) প্রথম পর্ব অর্থনীতি বিষয়ে ৩০০ আসন অনুমোদনের জন্য অনুরোধ জানানো হয়। বর্তমানে হিসাববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে এ কলেজে ১০০ করে ২০০ আসন রয়েছে। অথচ এই ২০০ আসনের বিপরীতে ভর্তির আবেদন জমা পড়েছে এক হাজার ৫০টি।

কলেজের অধ্যক্ষ মো. আবদুল গোফরান বলেন, ‘এ বছর ডিগ্রি কোর্সে দুই সেশনের ফলাফল একসঙ্গে প্রকাশ হওয়ায় আবেদনকারীর সংখ্যা বেড়ে যায়। কিন্তু সে হিসেবে আসন বাড়েনি। এ ব্যাপারে শিক্ষার্থীদের পক্ষ থেকেও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আবার অনেক অভিভাবকও আমার কাছে তাঁদের উদ্বেগের কথা জানালে আমি আসন বাড়ানোর প্রস্তাব করেছি। কারণ, এতগুলো ছেলেমেয়ে মাস্টার্স প্রথম পর্বে ভর্তি হতে না পারলে তাদের শিক্ষাজীবনের ইতি টানতে হবে।’