বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সাভারে রানা প্লাজা ধসের ঘটনার পেছনে কাজ করেছে মানুষের অতি লোভ, লালসা ও দুর্নীতি। ভবনধসের পর উদ্ধার তৎপরতায় অংশ নিয়ে সাধারণ মানুষ মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ‘মানবতার জয়’ যে অনিবার্য, তা প্রমাণিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর নীলক্ষেতে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মিলনায়তনে আয়োজিত রানা প্লাজা ভবনধসে উদ্ধারকর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে মেনন এসব কথা বলেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এই অনুষ্ঠানের আয়োজন করে। রাশেদ খান বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈশিষ্ট্য হলো মানুষের পাশে দাঁড়ানো। অতীতেও মানুষ বিভিন্ন জাতীয় দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে এর প্রমাণ দিয়েছে। রানা প্লাজার দুর্ঘটনায় দুঃখের মধ্যেও অনন্য দৃষ্টান্ত ছিল মানবতার জয়। সাধারণ মানুষ যে যেভাবে পেরেছে, সেভাবে উদ্ধারকাজে এগিয়ে গেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক আবেদ খান। অনুষ্ঠানে ২০০ উদ্ধারকর্মী ও ১০টি প্রতিষ্ঠানকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও পদক দেওয়া হয়।