২০০ একরের ফসল উৎপাদন ব্যাহত
বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে ১০ কিলোমিটার দৈর্ঘ্যের দেড় শ বছরের একটি পুরোনো খালকে শ্রেণি পরিবর্তন করে ফসলি জমি দেখিয়ে স্থানীয় ১০ ব্যক্তির নামে ৯৯ বছরের স্থায়ী বন্দোবস্ত দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার তারিকাটা এলাকার গোলবুনিয়া খাল নামে পরিচিত ওই খালটির বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে পানিনিষ্কাশন বন্ধ করে দেওয়ায় ওই এলাকার অন্তত ২০০ একর কৃষিজমির ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বনজ সম্পদ ধ্বংস হওয়ার পথে। একই সঙ্গে পানির অভাবে খালের পাড়ের ১০ গ্রামের মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে।
খালের বন্দোবস্ত বাতিল করে খাল পুনরুদ্ধারের দাবিতে গতকাল সোমবার সকালে খালটির পাড়ে মানববন্ধন করেছে এলাকার ভুক্তভোগী কয়েক শ লোক।
এলাকাবাসীর সূত্র জানায়, আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা, খোন্তাকাটা, উমাকান্দা, দক্ষিণ তারিকাটা, উত্তর তারিকাটা, কচাবুনিয়া, হাজিকান্দা, শনির ঘোজা, মধ্য তারিকাটা ও রক্ষাতলা গ্রামের ওপর দিয়ে ১৫০ বছরের পুরোনো ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটি প্রবাহিত। এ খালের পানির ওপর এলাকার কৃষিজমির সেচ নির্ভর করে। ২০১০ সালে উপজেলা ভূমি কার্যালয় প্রবহমান এই খালটির শ্রেণি পরিবর্তন করে কৃষিজমি দেখিয়ে এলাকার প্রভাবশালী কয়েক ব্যক্তিকে বন্দোবস্ত দেয়। এ খালের তারিকাটা অংশে ৩৬৬ নম্বর খতিয়ানের ৬২৮১ ও ৬২৮৬ দাগে মো. রফেজ মুনশি, মফেজ শিকদার এবং ৯১৫ নম্বর খতিয়ানের ৬৬৪৬ নম্বর দাগে মোজাম্মেল হাওলাদারকে এক একর করে জমি ৯৯ বছরের বন্দোবস্ত দেওয়া হয়।
২০১৬ সালের ২০ এপ্রিল উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো. আহসানুল হক সরেজমিনে জমি বন্দোবস্তকারীদের মেপে বুঝিয়ে দেন। এরপর বন্দোবস্তকারীরা খালে বাঁধ দিয়ে ভরাটকাজ শুরু করেন। খালের বিভিন্ন অংশে বাঁধ দেওয়ায় পানিনিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এতে ১০ গ্রামের ২০০ একর জমিতে চাষাবাদ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। খালের তীরের গোলগাছসহ বিভিন্ন প্রজাতির বনজ সম্পদ ধ্বংস হচ্ছে। বর্ষা মৌসুমে এই ১০টি গ্রামের পানিনিষ্কাশন হয় এই খাল দিয়ে।
এলাকার ভুক্তভোগী লোকজন বলেন, খালটি ভরাট করে দখল করায় এলাকার কয়েক হাজার পরিবার যেমন জীবিকা হারাবে, তেমনি ১০ গ্রামের মানুষ চরম জলাবদ্ধতার কবলে পড়বে।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, তারিকাটা গ্রামের খালের একটি অংশে মো. রফেজ মুনশি বাঁধ দিয়ে পানিনিষ্কাশন বন্ধ করে দিয়েছেন। এতে খাল শুকিয়ে মাটি ফেটে গেছে। গোলগাছগুলোর মূল শুকিয়ে গেছে। রবিশস্যে সেচ দিতে না পারায় ফসল শুকিয়ে যাচ্ছে।
মধ্য তারিকাটা গ্রামের মজিবুর রহমান ও ফকু হাওলাদার বলেন, ভূমি কার্যালয়ের অসাধু কর্মকর্তারা পুরোনো খালকে কৃষিজমি দেখিয়ে বন্দোবস্ত দিয়ে কৃষকের সর্বনাশ করেছেন। এখন পানির অভাবে গোটা এলাকায় হাহাকার শুরু হয়েছে। যে ১০ ব্যক্তির নামে এই জমি বরাদ্দ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে অনেকের পাকা বাড়ি আছে এবং প্রত্যেকেরই বিপুল পরিমাণ জমি আছে। অথচ তাঁরা ভুয়া ভূমিহীন সেজে এই জমি বন্দোবস্ত নিয়েছেন। তাঁরা বন্দোবস্ত বাতিল করে এ খালের বাঁধ কেটে পানিনিষ্কাশন ও খননের দাবি জানান।
দক্ষিণ তারিকাটা গ্রামের মাহবুব বলেন, ‘আমতলী ভূমি অফিস ১০ ফুট গভীর খালকে কৃষিজমি কীভাবে বন্দোবস্ত দিয়েছে, এটা বুঝতে পারছি না।’
অভিযোগের বিষয়ে জানার জন্য বন্দোবস্ত নিয়ে খালে বাঁধ দেওয়া রফেজ মুনশির মুঠোফোনে ফোন করলে তাঁর মেয়ে মারুফা আক্তার ফোন ধরেন। মারুফা খালে বাঁধ দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমার বাবা খালে এক একর জমি বন্দোবস্ত পেয়েছেন। এ জন্য আমাদের জমিতে আমরা বাঁধ দিয়ে জমি ভরাট করছি।’
বন্দোবস্ত নেওয়া আরেক ব্যক্তি আবদুল বারেক মোল্লা। তিনি মুঠোফোনে বলেন, ‘আমাকে ওই খালের দেড় একর জমি বন্দোবস্ত দিয়েছে ভূমি অফিস। আমি ওই খাল ভরাট করে বাড়ি নির্মাণ ও পুকুর খনন করেছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আমতলী ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মো. আহসানুল হক বলেন, ‘যে সময় ওই জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে, তখন আমি এখানে ছিলাম না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বন্দোবস্ত পাওয়া ব্যক্তিদের জমি মেপে বুঝিয়ে দিয়েছি মাত্র।’
আমতলী উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুশফিকুর রহমান বলেন, ‘আমি এখানে কয়েক দিন হলো যোগদান করেছি। তাই এ বিষয়ে কোনো কিছুই জানি না। তবে খোঁজ নিয়ে দেখব। অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’