২০০ কিলোমিটার লাইন ও তিন লাখ সংযোগ অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাসহ সারা দেশে আবাসিক, শিল্প, বাণিজ্যিক সংযোগসহ সব ধরনের সংযোগে গ্যাসের চাপ কমে গেছে। ফলে অনেক এলাকায় আবাসিক গ্রাহকের যেমন চুলা জ্বলছে না, তেমনি শিল্প-গ্রাহকেরও উৎপাদন বিঘ্নিত হচ্ছে।
পেট্রোবাংলা ও এর অধীন বিতরণ কোম্পানিগুলোর সূত্র জানায়, অবৈধ ও অননুমোদিত প্রায় ২০০ কিলোমিটার বিতরণ লাইন এবং প্রায় তিন লাখ সংযোগ গ্যাসের চাপ কমে যাওয়ার একটি বড় কারণ। এ ছাড়া শীতকালীন চাহিদা বৃদ্ধি তো আছেই।
এদিকে সারা দেশে সব গ্রাহকের জন্য গ্যাসের চাপ নির্দিষ্ট মাত্রায় রাখতে জাতীয় গ্যাস গ্রিডে দুটি কমপ্রেসর স্টেশন স্থাপনের কাজ সময়মতো সম্পন্ন না হওয়ায় কার্যকর কিছু করা যাচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও টাঙ্গাইলের এলেঙ্গায় এই স্টেশন দুটি গত বছরের অক্টোবর মাসে চালু হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে এ বছরের মধ্য জানুয়ারি করা হয়। কিন্তু গত কয়েক মাসে রাজনৈতিক অস্থিরতা ও নাশকতার কারণে ভীত হয়ে ওই স্টেশন দুটি নির্মাণের কাজে নিয়োজিত একটি জার্মান কোম্পানির লোকজন দেশে চলে যাওয়ায় কাজ বন্ধ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, জার্মানদের সঙ্গে যোগাযোগ হয়েছে। চলতি মাসের শেষ দিকে তাঁরা এসে কাজ শুরু করবেন। আগামী ১৫ মার্চ আশুগঞ্জ ও এর পরবর্তী মাস খানেকের মধ্যে এলেঙ্গা স্টেশন চালু হতে পারে। গ্যাসের অবৈধ লাইন ও সংযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রায় ২০০ কিলোমিটার বিতরণ লাইন ও প্রায় তিন লাখ সংযোগ অবৈধ ও অননুমোদিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো গ্যাসের চাপ কমার একটি বড় কারণ। অবৈধ লাইন নির্মাণ ও সংযোগ বন্ধ করা যাচ্ছে না। অবৈধ লাইন নির্মাণ বন্ধ করতে গিয়ে বিতরণ কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা লাঞ্ছিতও হয়েছেন। প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেও আক্রমণ করা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সূত্র জানায়, গ্যাসসংযোগ বন্ধ থাকার সময় অবৈধ সংযোগ নেওয়া হতো। সংযোগ চালু করার পর শুরু হয়েছে অবৈধ লাইন বসানোর বেপরোয়া কর্মকাণ্ড। কোনো কোনো এলাকায় অবৈধ লাইন নির্মাণে বাধা দেওয়ায় প্রভাবশালী ব্যক্তিরা তাঁদের স্থানীয় কার্যালয়ের কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন। তিতাসের আওতাধীন নরসিংদী, রূপগঞ্জ, গাজীপুর, কেরানীগঞ্জ, সাভার, মানিকগঞ্জ, এমনকি ঢাকা মহানগরেও অবৈধ লাইন বসানোর ঘটনা ঘটছে। এর সঙ্গে তিতাসের একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারীও জড়িত। সাভারের ঢাকা ইপিজেডে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দুটি লাইনেরই বিভিন্ন স্থানে অবৈধভাবে ছিদ্র করে শাখা লাইন করে অন্যত্র গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে ইপিজেডের শিল্পকারখানাগুলোও সঠিক চাপে গ্যাস পাচ্ছে না।
সূত্র আরও জানায়, অনেক শিল্প ও বাণিজ্যিক গ্রাহক ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে লাইনে কমপ্রেসর (গ্যাসের চাপ বাড়ানোর যন্ত্র) বসিয়ে গ্যাসের চাপ বাড়িয়ে নিচ্ছেন। কোনো কোনো শিল্প ও বাণিজ্যিক গ্রাহক তাঁদের লাইনে ‘লো ডিফারেন্সিয়াল রেগুলেটর’ নামে বিশেষ ধরনের রেগুলেটর বসিয়ে নিজের প্রতিষ্ঠানে সঠিক চাপে গ্যাস নিচ্ছেন। এতে আশপাশের গ্রাহকের লাইনে চাপ কমে যাচ্ছে। কিছুদিন আগে আশুলিয়ায় উচ্চ চাপের সঞ্চালন লাইন থেকে অবৈধ সংযোগ নেওয়ার ঘটনাও ধরা পড়েছে। এসব কারণে গ্যাস বিতরণ ব্যবস্থা যেমন বিপজ্জনক হয়ে উঠেছে, তেমনি সঠিক চাপে গ্যাস পাওয়াও কঠিন হচ্ছে।