২০০ কোটি ডলার ঋণ দেবে ভারত
বাংলাদেশকে নতুন করে ২০০ কোটি মার্কিন ডলার ঋণ-সহায়তা দেবে ভারত। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে।
এ ঋণের অর্থে অবকাঠামো, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্য খাতের নানা প্রকল্প বাস্তবায়ন করা হবে। তবে এখনো প্রকল্পগুলো চূড়ান্ত হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০ কোটি মার্কিন ডলার ঋণের বিষয়টি নিয়ে ভারত আগে আনুষ্ঠানিক কোনো আলোচনা করেনি। নরেন্দ্র মোদির ঢাকা সফরে এটি চমক হিসেবে উপস্থাপনের পরিকল্পনা নিয়েছিল দেশটি। অবশ্য বাংলাদেশ কোন ধরনের প্রকল্পে আগ্রহী, অনানুষ্ঠানিকভাবে সেটি ভারত জানতে চেয়েছিল। গত মাসের শুরুতে বাংলাদেশ মোটা দাগে ১৫টি প্রকল্পের কথা ভারতকে জানায়। এ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রেললাইন সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন ও ইঞ্জিন-কোচ সংগ্রহ। এর বাইরে রয়েছে আশুগঞ্জ নদীবন্দর উন্নয়ন, তথ্যপ্রযুক্তির উৎকর্ষ, চারটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ। পরবর্তী সময়ে আলোচনা করে এর মধ্য থেকেই প্রকল্প চূড়ান্ত করা হবে।
এর আগে ২০১০ সালে ১০০ কোটি ডলারের ঋণ দিয়েছিল ভারত। এর মধ্যে ২০ কোটি ডলার পরে মঞ্জুরি হিসেবে দেওয়া হয়। ওই ঋণচুক্তির আওতায় যোগাযোগ অবকাঠামো খাতে মোট ১৫টি প্রকল্প নেওয়া হয়েছে, যার পরিমাণ প্রায় ৮৭ কোটি ডলার। এ পর্যন্ত সাতটি প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। বাকি আটটি প্রকল্প আগামী তিন বছরের মধ্যে শেষ হবে বলে আশা করছেন সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা।
প্রথম ঋণচুক্তিতে ১ শতাংশ হারে সুদে ২০ বছরের মধ্যে ঋণ শোধ করার কথা রয়েছে। এর মধ্যে প্রথম পাঁচ বছর গ্রেস পিরিয়ড হিসেবে ধরা হয়, অর্থাৎ ওই সময় কোনো কিস্তি পরিশোধ করতে হবে না। এবারের চুক্তিও একই রকম হবে বলে জানা গেছে।