বাংলাদেশকে ২০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ায় ভারতে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। গতকাল রোববার ভারতের টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ কথা বলা হয়।
গত শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০০ কোটি ডলার ঋণ সহায়তার সমঝোতা স্মারক সই হয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কম সুদে দেওয়া এ ধরনের ঋণের অর্থে প্রকল্প বাস্তবায়নের জন্য কাঁচামাল ও সেবার কমপক্ষে ৭৫ শতাংশ ভারত থেকে নিতে হবে।
এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক যদুবেন্দ্র মাথুর টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ভারত এরই মধ্যে বাংলাদেশকে ৮৬ কোটি ২০ লাখ ডলার ঋণ দিয়েছে এবং নতুন এই ২০০ কোটি ডলার ঋণ দেওয়ায় বাংলাদেশে ভারতের রপ্তানি বাড়বে ও ভারতের কোম্পানিগুলোর সুবিধা হবে। স্টিল ও সিমেন্ট খাত লাভবান হবে। কারণ, ঋণের টাকায় বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নের সময় এসব উপকরণ ভারত থেকে আমদানি করতে হবে। এতে উৎপাদন যেমন বাড়বে, তেমনি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।