২০০ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধিকতর উন্নয়নের জন্য ২০০ কোটি ৩৮ লাখ টাকার অনুমোদন দিয়েছে একনেক। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে শাবিপ্রবির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এম আকবর হোসেন প্রথম আলোকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক এবং প্রধান প্রকৌশলী সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় সৈয়দ মুজতবা আলী হলের অবশিষ্ট অংশ, তৃতীয় ছাত্রী হল নির্মাণ, শিক্ষক ও শিক্ষক-কর্মকর্তাদের কোয়ার্টার নির্মাণ, সেন্টার অব এক্সিলেন্স ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদের দ্বিতীয় ব্লক নির্মাণ, এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের পঞ্চম থেকে দশম তলা নির্মাণ, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, লিফট, সাময়িকী, আসবাব ও বইপত্র, সিসিটিভিসহ নিরাপত্তা সরঞ্জাম ক্রয়, অভ্যন্তরীণ রাস্তা ও সীমানাপ্রাচীর নির্মাণসহ বিভিন্ন খাতে এ অর্থ ব্যয় করার বিষয়টি অনুমোদন করা হয়েছে। ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প ২০১৭-২০২০’ নামে প্রকল্পটি একনেকের সভায় অনুমোদন দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া বলেন, ‘২০০ কোটি ৩৮ লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন হওয়ায় আমি অত্যন্ত খুশি। এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্পের অনুমোদন। সবার সহযোগিতায় প্রকল্পের অধীন সব কাজ বাস্তবায়ন হবে বলে আশা করি।’