২০০ গজ সংস্কার না হওয়ায় এত দুর্ভোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় জেলা সড়কের মাত্র ২০০ গজ সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এক দশকে সড়কের ওই জায়গাটি একবারও সংস্কার করা হয়নি। সেখানে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। নর্দমা না থাকায় বর্ষাকালে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়।অপেক্ষাকৃত নিচু হওয়ায় উপজেলা শহরের ময়লা-আবর্জনা জমে পচে দুর্গন্ধ ছড়ায়। ভুক্তভোগীরা জানান, মাগুরা জেলা সদর থেকে মহম্মদপুরের সঙ্গে যোগাযোগের একমাত্র ওই সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন। সড়কটিকে দাপ্তরিকভাবে ‘জেলা সড়ক’ বলা হয়। সড়কটির সংস্কার বা দেখাশোনার সব দায়িত্বই সওজের। কিন্তু বরাদ্দ না থাকার অজুহাতে তারা বাসস্ট্যান্ড এলাকার ২০০ গজের মত জায়গা সংস্কার করেনি।স্থানীয় স্কুলশিক্ষক কামরুন্নাহার বলেন, দুটি কলেজসহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীকে প্রতিদিন এই ক্ষত-বিক্ষত সড়ক পার হতে হয়। অনেক সময় দুর্ঘটনাও ঘটে। প্রসূতি মা, রোগী ও বৃদ্ধ মানুষের কাছে এ সড়কে চলাচল আতঙ্কের।মহম্মদপুরের জ্যেষ্ঠ সংবাদকর্মী আবদুল ওয়াহাব বলেন, বর্ষা মৌসুমে কাদাপানিতে সয়লাব থাকায় রাস্তাটি হেঁটে পার হওয়া যায় না। স্থানীয় সাংসদ নির্বাচনের আগে বাসস্ট্যান্ড এলাকায় সড়ক সংস্কারের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে তিনি আর খোঁজ নেননি।মাগুরা সওজের নির্বাহী প্রকৌশলী মো. কবীর আহমেদ বলেন, ‘আশা করি, চলতি বছরের মধ্যে আমরা ওই সড়কে সংস্কারের কাজ করতে পারব।’