২০০ গজ সড়ক সংস্কার করা হয়নি দুই দশকেও
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার মাত্র ২০০ গজ সড়ক দুই দশকেও সংস্কার হয়নি। রাস্তা সংস্কার নিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও উপজেলা প্রশাসন একে অপরের ওপর দায়িত্ব চাপাচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন জায়গায় ছোট-বড় অসংখ্য গর্ত। এসব গর্তে পানি জমে আছে। আবর্জনা পানিতে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই সড়ক দিয়ে মহম্মদপুর সদরে যাতায়াত করতে হয়। চিকিৎসা, ব্যবসা, শিক্ষাপ্রতিষ্ঠান, দাপ্তরিক কাজসহ বিভিন্ন কাজে প্রত্যন্ত এলাকা থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ উপজেলা শহরে যাতায়াত করে। স্বল্প সময়ে ফরিদপুর ও নড়াইলে যেতেও লোকজন সড়কটি ব্যবহার করে।
স্থানীয় অন্তত ২০ জন ব্যক্তি বলেন, সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। বড় বড় গর্ত পানিতে ডুবে থাকে। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রায় সারা বছর রাস্তায় পানি জমে থাকে। গর্তে গাড়ির চাকা ও পথচারীর পা আটকে গিয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বৃষ্টির পানি, আবর্জনা ও কাদায় সয়লাব পুরো রাস্তা। কাদা মাড়িয়ে চলাচল করতে হয়। কাপড় আর গা বাঁচিয়ে সড়ক পার হওয়ার কোনো উপায় নেই। তাঁরা সড়কে ধান লাগিয়ে ও মাছ ছেড়ে নানাভাবে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু কোনো ফল পাননি। এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানান, প্রায় ২০ বছর ধরে এই রাস্তার কোনো সংস্কারকাজ হয়নি।
উপজেলা সদরের আরএসকেএইচ ইনস্টিটিউশনের শিক্ষক সাজ্জাদুল আলম বলেন, ‘প্রতিদিন কাদা পানি মাড়িয়ে চরম ভোগান্তি নিয়ে এই পথে আমাদের চলতে হয়। কিন্তু সমস্যা দেখার কেউ নেই।’ মাগুরার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয়ের একাধিক কর্মকর্তা বলেন, এই সড়কটির তদারকির দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। বরাদ্দ না থাকার কারণে গত দুই দশকে সড়কটি সংস্কার করেনি সওজ।
মাগুরা সওজের বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত বলেন, সড়কটির বেহাল দশার মূল কারণ পানি জমে থাকা। যে কারণে সড়কটি সংস্কার করেও কোনো লাভ হবে না। আগে পানিনিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে। এ জন্য উপজেলা পরিষদের আগে উদ্যোগী হতে হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভাইস চেয়ারম্যান আশরাফ হুসাইন বলেন, এ বিষয়ে নানা সভায় আলোচনা হয়েছে। এই সড়ক তদারকির দায়িত্ব সওজের। রাস্তা সংস্কার বা পয়োনিষ্কাশনের ব্যবস্থা তারাই করবে। উপজেলা পরিষদের এ বিষয়ে কোনো করণীয় নেই।