২০০ গজ সড়কের জন্য যত ভোগান্তি
নড়াইল সদর উপজেলার মালিয়াট গ্রামে মাত্র ২০০ গজ সড়ক পাকা না হওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কাদা পানিতে সয়লাব রাস্তায় চলতে হচ্ছে আশপাশের সাতটি গ্রামের কয়েক হাজার মানুষকে।
শিক্ষার্থী ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, মালিয়াট গ্রামে একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এই তিন বিদ্যালয়ে প্রায় তিন হাজার শিক্ষার্থীকে তুলারামপুর-শেখহাটি সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু সড়কের মালিয়াট মোড় থেকে মুলিয়ার দিকে যেতে মালিয়াট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ২০০ গজ অংশ পাকা হয়নি। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় একাকার হয়ে যায়। বিদ্যালয়ে যাওয়ার সময় প্রায়ই শিক্ষার্থীরা পা পিছলে কাদায় পড়ে যায়।
মালিয়াট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী প্রিয়া দাস বলে, কাদা মাড়িয়ে বিদ্যালয়ে যেতে গিয়ে প্রায়ই বই-খাতা, জামা-কাপড় নষ্ট হয়ে যায়। তখন ক্লাস না করেই বাড়ি ফিরতে হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান বলেন, জনগুরুত্বপূর্ণ মালিয়াট এলাকার ২০০ গজ রাস্তা পাকা করাটা খুবই জরুরি। এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলে খুব তাড়াতাড়ি কাজ শুরু করা যাবে।