রাজশাহী নগরের সাহেব বাজারে ২০০ গজ এলাকার মধ্যে কাঁচাবাজারের তিন রকম দর দেখা গেছে। ইচ্ছামতো দাম হাঁকছেন খুচরা ব্যবসায়ীরা। বাজারমূল্যের ওপর সরকারি কোনো নিয়ন্ত্রণ নেই। ধুলামাখা মূল্যতালিকার ওপরও নির্বাচনের পোস্টার সেঁটে রাখা হয়েছে।
সাহেব বাজার এলাকায় কাঁচাবাজারের ভেতরে খুচরা বেচাকেনা হয়। এই বাজারের ১০০ গজ পশ্চিমে মাস্টারপাড়া এলাকায় সকালে পাইকারি এবং দুপুর থেকে খুচরা বেচাকেনা হয়। আবার ১০০ গজ পূর্বে আরও একটি বাজার রয়েছে। সেখানে সারা দিন খুচরামূল্যে বেচাকেনা হয়।
গতকাল সোমবার এই তিন বাজারে কাঁচামালের তিন রকম বাজারদর দেখা গেছে। জেলা মার্কেটিং কর্মকর্তা এই তিন রকম বাজারদরের কথা স্বীকার করেছেন।
গতকাল সাহেব বাজারের ভেতরের কাঁচাবাজারে এক কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৬০ টাকা দরে। রোজার আগে এই বাজারে এক কেজি মরিচ সর্বোচ্চ ৪০ টাকা দরে বিক্রি হয়েছে। একই মরিচ পূর্ব পাশের বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেল। রোজার আগে এই বাজারে কাঁচা মরিচ আরও ১০ টাকা কম দামে বিক্রি হয়েছে।
তবে পশ্চিম পাশে মাস্টারপাড়া এলাকায় এই মরিচই গতকাল বিক্রি হয়েছে সর্বোচ্চ ৩০ টাকা কেজিতে। এ ছাড়া সেখানে ১০ টাকা থেকে ১৫ টাকা কেজিরও মরিচ রয়েছে। রোজার শুরুর পরও এই বাজারে কাঁচা মরিচের দামের তেমন কোনো পার্থক্য দেখা যায়নি।
বাজারের ভেতরে এক কেজি বেগুন ৪০ টাকা, ৫০ ও ৬০ টাকা—যে ব্যবসায়ী, যে রকম পারছেন ক্রেতার কাছ থেকে আদায় করছেন। অবশ্য পশ্চিম-পূর্ব পাশে দুই বাজারেই বেগুন ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ভেতরের বাজারে এক কেজি পটল ১৫-১৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পূর্ব পাশে একই পটল ১০ টাকা এবং পশ্চিম পাশের বাজারে ৫ থেকে ১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে পাঁচ টাকা কেজির পটলগুলো অপেক্ষাকৃত ছোট আকারের। রোজার কারণে পটলের দামে তেমন কোনো পার্থক্য দেখা যায়নি।
রোজার কারণে শসার দাম ২০ টাকা থেকে এক লাফে ৪০ টাকা হয়েছিল। তবে গতকাল সাহেব বাজারের ভেতরে এক কেজি শসা ৩০ টাকা, পশ্চিম পাশের বাজারে ১০ টাকা এবং পূর্ব পাশের বাজারে ১৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
রাজশাহী লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন জানান, গতকাল তিনি সাহেব বাজারের ভেতরে ৬০ টাকা কেজি দরের কাঁচা মরিচ কিনে ফেরার সময় বাইরে এসে দেখেন ১০ টাকা কেজি দাম হাঁকানো হচ্ছে। তিনি বলেন, এই মরিচটা অপেক্ষাকৃত নিম্নমানের। তবে ভেতরে যে মানের মরিচ বিক্রি হচ্ছে, সেই একই মানের মরিচ বাইরে সর্বোচ্চ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সাহেব বাজারের ভেতরে মাছের বাজারে ঢুকতেই রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দৈনন্দিন মূল্যতালিকা লেখার জন্য একটি বোর্ড টাঙানো রয়েছে। দীর্ঘদিন এই বোর্ডে হাত না দেওয়ায় প্রচুর ধুলা জমে আছে। বোর্ডের বাঁ পাশে ৩০টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের নাম লেখা রয়েছে। পাশের মূল্য লেখার ও মন্তব্যের ঘর ফাঁকা। তবে মূল্য এবং মন্তব্যের ঘরের অংশে কোনো এক নির্বাচনের ‘মই’ মার্কা পোস্টার সাঁটানো ছিল। টান দিয়ে ছিঁড়ে ফেলার পরও পোস্টারের কিছু অংশ এখনো রয়ে গেছে।
বাজারদরের এ অবস্থা সম্পর্কে জানতে চাইলে গতকাল বিকেলে জেলা মার্কেটিং কর্মকর্তা সামিউল হক বলেন, বাজারে মরিচ সর্বোচ্চ ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তিনি সাহেব বাজারের মাস্টারপাড়া এলাকার বাজার থেকে দর নিয়েছেন। তিনি বলেন, বাজারের ভেতরে বড়জোর পাঁচ-দশ টাকা বেশি নিতে পারে। বাজারের ভেতরে ৬০ টাকা কেজি মরিচ বিক্রির কথা শুনে তিনি বলেন, ২০০ গজের মধ্যেই দুই রকম বাজারদর চলে। তবে এতটা বেশি দরের কথা তাঁর জানা নেই। মূল্যতালিকায় পণ্যের মূল্যের দর বাসনো নেই কেন—জানতে চাইলে তিনি বলেন, আগামী পরশু দিন তাঁরা অভিযানে বের হবেন। তখন বাজারদরটি যাচাই করবেন। মূল্যতালিকাটাও ঠিক করবেন।