২০০ গজের মধ্যে দুই মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সুলতানা মন্দির এলাকায় দুর্ঘটনা বেড়ে গেছে। গত দুই মাসে ওই এলাকার প্রায় ২০০ গজের মধ্যে ১৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ জন নিহত ও শতাধিক লোক আহত হয়েছে। একই স্থানে কেন এত দুর্ঘটনা ঘটছে—জানতে চাইলে হাইওয়ে পুলিশের চট্টগ্রাম জোনের সহকারী পুলিশ সুপার আশরাফ উদ্দিন গত বুধবার প্রথম আলোকে বলেন, ওই এলাকায় মহাসড়কের তিন কিলোমিটারের মধ্যে কোনো বাজার বা স্থাপনা না থাকায় চালকেরা বেপরোয়া হয়ে ওঠেন। বেশির ভাগ ক্ষেত্রে চালকেরা অন্য গাড়িকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।হাইওয়ে পুলিশ, থানা ও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ আগস্ট দুপুরে সুলতানা মন্দির এলাকার মহাসড়কে ট্রাকের চাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার দুজন যাত্রী নিহত হন। একই দিন সন্ধ্যায় ওই এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক শিশুযাত্রী মারা যায়। গুরুতর আহত হন শিশুটির বাবা-মা। তাঁরা এখন চন্দ্রঘোনা জুলাজুড়া হাসপাতালে চিকিত্সাধীন। ২১ আগস্ট একই স্থানে অপর এক দুর্ঘটনায় চার ব্যক্তি নিহত হন। এভাবে গত এক সপ্তাহে পাঁচটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন প্রাণ হারান। এর আগে ২৮ জুন সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় একটি যাত্রীবাহী বাস। এতে তিনজন মারা যান। ৩০ জুন ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত হন। ৩ জুলাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিন ব্যক্তি। ১৪ জুলাই তেলবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মারা যান দুজন। এভাবে গত দুই মাসে উপজেলার সুলতানা মন্দির এলাকা থেকে মগপুকুর পর্যন্ত প্রায় ২০০ গজ সড়কে দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হন। সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই ২০০ গজ এলাকায় কোনো খানাখন্দ নেই। দুই পাশে কোনো স্থাপনাও নেই। পুলিশের তথ্য অনুযায়ী, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, অতিরিক্ত ওজন বহন, চালকদের অবসাদগ্রস্ততা কিংবা মাতাল অবস্থায় গাড়ি চালানো, যানবাহনের যান্ত্রিক ত্রুটি এবং ট্রাফিক আইন না জানা ও না মানার কারণে দুর্ঘটনা বেশি ঘটছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) এ ওয়াই বি সিদ্দিকী জানান, দুই লেনের এই মহাসড়ক নির্মাণের ক্ষেত্রে নকশা প্রণয়নে ত্রুটি রয়েছে। কোনো ফুটপাত রাখা হয়নি। এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশা কিংবা ট্যাক্সিচালকদের বেশির ভাগই আনাড়ি। তাই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুর রহমান জানান, দুর্ঘটনা রোধে ইতিমধ্যে ওই স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে দুই শতাধিক গাড়িচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে অর্ধশতাধিক ভুয়া ড্রাইভিং লাইসেন্স। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রউফ জানান, গাড়ি নিয়ে সুলতানা মন্দির এলাকা অতিক্রম করার সময় এক ধরনের আতঙ্ক বিরাজ করে। এখানকার বেশির ভাগ চালক বেপরোয়া গতিতে গাড়ি চালান। এ ছাড়া যান্ত্রিক ত্রুটি ও চালকদের অনভিজ্ঞতা তো রয়েছেই।