২০০ গাড়ি ভাঙচুর-আগুন, চার দিনের হরতাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় গতকাল সকালে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পথচারীরা মুঠোফোনে পুড়ে যাওয়া বাসের ছবি তুলছেন  প্রথম আলো
যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় গতকাল সকালে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পথচারীরা মুঠোফোনে পুড়ে যাওয়া বাসের ছবি তুলছেন প্রথম আলো

কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার ও বাসায় পুলিশি অভিযানের প্রতিবাদে আরও ১২ ঘণ্টা হরতাল বাড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। নতুন ঘোষণা অনুযায়ী, আজ রোববার সকাল ছয়টা থেকে শুরু হয়ে আগামী বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা চার দিন হরতাল চলবে। এদিকে হরতাল শুরুর আগেই গতকাল শনিবার রাজধানী ঢাকাসহ সিলেট, চট্টগ্রামের মিরসরাই, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় দুই শতাধিক যানবাহন ভাঙচুর করেছেন হরতাল-সমর্থকেরা। এর মধ্যে ঢাকায় পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় গতকাল সন্ধ্যা থেকে রাজধানীতে আধা সামরিক বাহিনী বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে।

গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হরতালের সময়সীমা বৃদ্ধির ঘোষণা দেন। তিনি বলেন, ‘বিএনপির পাঁচ নেতাকে গ্রেপ্তার ও অন্য নেতাদের বাসায় পুলিশি হানার প্রতিবাদে আগামীকাল রোববার (আজ) সকাল ছয়টা থেকে পূর্বঘোষিত টানা ৭২ ঘণ্টার সঙ্গে আরও ১২ ঘণ্টা বাড়িয়ে ৮৪ ঘণ্টা করা হয়েছে।’ এর আগে গত শুক্রবার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ ছয়টা থেকে টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছিল ১৮-দলীয় জোট। নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির ডাকা এটাই সবচেয়ে দীর্ঘ সময়ের হরতাল। এর আগে সর্বশেষ গত ২৭ থেকে ২৯ অক্টোবর এবং ৪ থেকে ৬ নভেম্বর বিরোধী দল টানা ৬০ ঘণ্টা করে দুই দফা হরতাল পালন করে।

গাড়িতে আগুন-ভাঙচুর: গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, ফকিরেরপুল, শান্তিনগর, মহাখালী ও গুলিস্তানে পাঁচটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। দুপুর ১২টার দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, বাসটি বিআরটিসির, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আনা-নেওয়া করে। যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসে চড়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ ঘটনায় জড়িত সন্দেহে শিক্ষার্থীরা ধাওয়া করে আশিক নামের একজনকে আটক করেন এবং তাঁকে পুলিশের সোপর্দ করেন। এদিকে প্রায় একই সময়ে ফকিরেরপুলে পুলিশ হাসপাতালের সামনে একটি প্রাইভেট কারে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

বেলা দেড়টার দিকে শান্তিনগরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার (এসি) আবু ইউসুফের ব্যবহূত মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেন কয়েকজন যুবক। রাজারবাগে মেরামত শেষে চালক মাইক্রোবাসটি নিয়ে এসি আবু ইউসুফের কর্মস্থল রাজধানীর মিন্টো রোডে ফিরছিলেন। অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। সন্ধ্যা ছয়টার দিকে গুলিস্তানে গোলাপ শাহ মাজারের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
প্রায় একই সময়ে রাজধানীর শাহবাগের শিশুপার্কের সামনে পেট্রলবোমায় আহত হন একটি বিমা কোম্পানির অফিস সহকারী আবদুর রাজ্জাক। তিনি প্রথম আলোকে বলেন, এক সহকর্মীসহ তিনি শাহবাগ মোড় থেকে গুলিস্তান যাওয়ার জন্য বাসে ওঠেন। বাসের দরজার কাছেই ছিলেন তিনি। হঠাৎ বাসের দরজা বরাবর একটি পেট্রলবোমা বিস্ফোরিত হয়। এতে তাঁর হাত ও শরীরের কিছু জায়গায় জখম হয়।

বিভিন্ন জেলায় ভাঙচুর, সংঘর্ষ:
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, হরতালের সমর্থনে গতকাল ও আগের দিন শুক্রবার রাতে সিলেট শহর, চট্টগ্রামের মিরসরাই, ফরিদপুর শহর, ব্রাহ্মণবাড়িয়া শহর ও সাতক্ষীরার পাটকেলঘাটায় প্রায় ২০০ যানবাহন ভাঙচুর করেছেন বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় পিকেটারদের সঙ্গে সংঘর্ষে পুলিশ ও বিএনপির নেতাসহ ৩০ জনের বেশি আহত হন। বিএনপির নেতাসহ নয়জনকে আটক করেছে পুলিশ।

সিলেট:
শহরের আম্বরখানা পয়েন্টে ১৮ দলের সমাবেশ শেষে ছাত্রদলের মিছিল থেকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এরপর মিছিলকারীরা আম্বরখানা থেকে নয়া সড়ক পর্যন্ত সড়কে শতাধিক যানবাহন ভাঙচুর করেন। এ সময় জামায়াতের নেতা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইনের সরকারি গাড়িও ভাঙচুর করা হয়। একই সময় সদর হাসপাতালের সামনে, সুবিদবাজার ও রিকাবীবাজারে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।

মিরসরাই (চট্টগ্রাম):
শুক্রবার রাত দেড়টার দিকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা উপজেলার বড় তাকিয়া ও নয়দুয়ার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০-১৫টি ককটেল বিস্ফোরণ ঘটান। এরপর তাঁরা কমপক্ষে ২০টি গাড়ি ভাঙচুর করেন এবং বড় তাকিয়া এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। একই সময়ে উপজেলার বারইয়ারহাট এলাকায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা কমপক্ষে ১০টি গাড়ি ভাঙচুর করেন।

ব্রাহ্মণবাড়িয়া:
গতকাল সন্ধ্যায় হরতালের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া শহরে মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি টি এ রোডের খুরশীদ প্লাজার সামনে পৌঁছানোর পর মিছিলকারীরা খুরশীদ প্লাজায় অবস্থিত জেলা বিএনপির নেতা আবু শামীম মো. আরিফের ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ৮-১০টি ককটেল বিস্ফোরিত হয়। মিছিলকারীরা টি এ রোডের কয়েকটি দোকান ও অটোরিকশা ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হন। পুলিশ আহতাবস্থায় সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোল্লা মো. সালাউদ্দিনসহ ছাত্রদলের তিন কর্মীকে আটক করে। সালাউদ্দিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

সন্ধ্যা সোয়া সাতটার দিকে আহত সালাউদ্দিনকে হাসপাতালে দেখতে যাওয়ার পর পুলিশ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামকে আটক করে। তাঁকে আটকের খবরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহরে অনেকগুলো ককটেলের বিস্ফোরণ ঘটান। তাঁরা কালীবাড়ি মোড়ে একটি অকোরিকশায় আগুন ধরিয়ে দেন।

ফরিদপুর:
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের ৫০-৬০ জন নেতা-কর্মী লাঠি নিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা সাত-আটটি বাস ও প্রাইভেট কার ভাঙচুর করেন। বেলা সোয়া দুইটার দিকে হরতালের সমর্থনে শহরের জেনারেল হাসপাতালের সামনে ছাত্রশিবিরের কর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

সাতক্ষীরা: পাটকেলঘাটা থানা সদরে বিকেল পাঁচটার দিকে মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিল শেষে তাঁরা সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুটি যাত্রীবাহী বাস, একটি পণ্যবাহী ট্রাক ও একটি কার ভাঙচুর করেন। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। এতে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের চার সদস্য ও বিএনপির ১২ কর্মী আহত হন। পুলিশ এ সময় পাঁচজনকে আটক করে।

মানিকগঞ্জ:
গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মানরা সেতু এলাকায় দুটি এবং প্রায় একই সময়ে ভিলেজ লাইন পরিবহনের কাউন্টারের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান হরতাল-সমর্থকেরা।