ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম কাইয়ুমের মুক্তির দাবিতে কর্মসূচি চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক কাসিফ সানোয়ার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৪৫ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন পাওয়ার লুম শ্রমিক রাকিবুল কবির, মাহফুজ মিয়া, হুমায়ুন মিয়া, আবুল হোসেন, বিল্লাল হোসেন, চান মিয়া ও তানভিরুল ইসলাম। নরসিংদী মডেল থানা সূত্র জানায়, এস এম কাইয়ুমের মুক্তির দাবিতে মানববন্ধন করার নামে শ্রমিকেরা মহাসড়কে অবরোধ তৈরি করে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে তাঁরা ভাঙচুর চালান। শ্রমিকদের হামলায় পুলিশের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এসব কারণে পুলিশ মামলা করেছে। মামলায় প্রধান আসামি করা হয় পাওয়ার লুম শ্রমিক শাহিন সরকারকে।এদিকে শ্রমিকেরা অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দলের একটি মহলের ইন্ধনে শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা করেছে। মামলা যতই হোক কাইয়ুম মুক্তি না পাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন থেকে সরে আসবেন না। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃতদের গতকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম কাইয়ুমের মুক্তির দাবিতে গত মঙ্গলবার দুপুরে নরসিংদীতে মহাসড়ক অবরোধ করেন পাওয়ার লুম শ্রমিকেরা। পরে অবরোধকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১২ শ্রমিক আহত হন।