২০০ টাকা নিয়ে ভিজিডির কার্ড দেন তিনি
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল হোসেন টাকা নিয়ে ভিজিডি কার্ড বিতরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই ইউপির সদস্যরা সম্প্রতি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বগুড়ার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম কবির বলেন, অভিযোগ তদন্তের জন্য ইউএনওকে নির্দেশ দেওয়া হয়েছে।গত ২৯ মে ওই ইউনিয়নে গিয়ে কথা হয় মর্ত্তুজাপুর গ্রামের ভিজিডি কার্ডধারী কয়েকজনের সঙ্গে। তাঁরা জানান, কার্ড দেওয়ার সময় চেয়ারম্যান প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা নিয়েছেন। গত চার মাস ধরে ২৪ কেজি চালের পরিবর্তে তাঁদের ১৯ থেকে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন।বাবুল হোসেন বলেন, ইউনিয়নের তথ্যকেন্দ্রে দুই ব্যক্তি কাজ করেন। তাঁদের কোনো বেতন নেই। তাই ভিজিডির কার্ড দেওয়ার সময় প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে নিয়ে তাঁদের বেতনের ব্যবস্থা করা হয়েছে।