২০০ টাকায় শপিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের রমজান মাসের ২৭ তারিখ। সাপ্তাহিক ছুটির দিন ছিল। ঈদের কেনাকাটা করে রামপুরা ব্রিজ থেকে বনশ্রীর বাসের জন্য অপেক্ষা করছিলাম ময়লার কনটেইনারের সামনে। দুপুরের কাঠফাটা রোদে পাঁচ-ছয়টি শপিং ব্যাগ দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার চোখ আটকে গেল একটা দৃশ্যে।

এক মধ্যবয়সী ব্যক্তি ময়লার কনটেইনারের পাশে পড়ে আছেন। গায়ে কোনো কাপড় নেই। ধুলোবালিতে একাকার। শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট ক্ষত। জীবিত কিনা বোঝা যাচ্ছিল না। মাছি শরীরের ওপর ভন ভন করছিল। পথচারীরা পাশ দিয়ে যাওয়ার সময় এক পলক দেখে চলে যাচ্ছিল। আর অল্প কয়েকজন উৎসুক ব্যক্তি কয়েক মিনিটের জন্য দাঁড়িয়েছিলেন। কয়েক গজ সামনেই এক বাদাম বিক্রেতাকে দেখা গেল। তাঁর কাছে জানতে চাইলাম ঘটনা কী। তিনি বললেন, ‘কে যেন এইডারে এইহানে ফালাইয়া গেছে। হিরোইঞ্চি মনে হয়। বাইচা আছে না মইরা গেছে জানি না।’

একপর্যায়ে আমি লোকটার কাছে গেলাম। শপিং ব্যাগগুলো রাস্তার পাশে রেখে নাকের কাছে হাত দিয়ে দেখলাম, শ্বাস-প্রশ্বাস অব্যাহত রয়েছে। কয়েকবার ডাকাডাকি করলাম। হাত দিয়ে শরীর নাড়া দিলাম। তিনি একটু চোখ মেললেন। তবে কোনো কথাই বলতে পারলেন না। নাম পরিচয় জিজ্ঞেস করেও লাভ হলো না। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কাছে এক ট্রাফিক পুলিশকে জানালাম ঘটনাটি। তিনি বললেন, এ রকম আগেও হয়েছে। পড়ে থাকা এসব মানুষ পরে নিজেরাই চলে যান।

তবে একটা লোককে উলঙ্গ অবস্থায় ফেলে যেতে বিবেকে বাধল। আবার পকেটে তেমন টাকাও নেই। আশপাশের কয়েকটি দোকানে খোঁজ করলাম কোনো পুরোনো লুঙ্গি আছে কিনা। কোথাও পেলাম না। পরে রামপুরা ব্রিজ এলাকার এক দোকানদার জানালেন, মধ্য বাড্ডায় পুরোনো জামা কিনতে পাওয়া যায় সস্তায়। মধ্য বাড্ডায় গিয়ে খুঁজে পেলাম দোকানটি। শার্ট, লুঙ্গি, প্যান্ট সবই আছে। নিম্নবিত্তরা কেনাকাটা করতে ভিড় করছেন সেখানে। দাম খুবই কম। দেখে শুনে দুটি শার্ট আর দুটি লুঙ্গি কিনলাম। আবার ফিরে গেলাম ময়লা ফেলার ওই স্থানে। ওই ব্যক্তিকে ধরে বসালাম। প্রথমে পানি খাওয়ালাম। পাউরুটি খেতে পারলেন না। শার্ট আর একটা লুঙ্গি এলোমেলোভাবে পড়িয়ে দিলাম। দুটি জামা আর পাউরুটি কলা পলিথিন ব্যাগে রেখে আমি উঠে পড়লাম। ইফতারের সময় হয়ে আসছিল।