২০০ থেকে হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বিভিন্ন উপজেলায় অতিদরিদ্র নারীদের মাতৃত্বকালীন ভাতার টাকা পেতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ২০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে। আমতলী ও বরগুনা পৌর এলাকার সুবিধাভোগীদের কাছ থেকে এক হাজার থেকে এক হাজার ১০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগও উঠেছে।জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সরকার মহিলাবিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ২০১০ সালের জুন থেকে সারা দেশে দরিদ্র নারীদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে মাসিক ৩৫০ টাকা করে ভাতা দিচ্ছে। এই কর্মসূচির আওতায় প্রতি ছয় মাস পর একজন নারী দুই হাজার ১০০ টাকা করে সহায়তা পান। সুবিধাভোগীরা দুই বছর এ অর্থসহায়তা পাবেন। কর্মসূচির আওতায় জেলার ৩৮টি ইউনিয়নে (প্রতি ইউনিয়নে ৩১ জন করে) এক হাজার ১৭৮ জন এবং বরগুনা পৌর এলাকায় এক হাজার ৫০ জন ভাতা পাচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, আমতলী উপজেলায় গত রোববার ছয় মাসের ভাতার টাকা বিতরণ করা হয়। ওই দিন উপজেলার চাওড়া ও কড়ইবাড়িয়া ইউনিয়নের ৬২ জন নারী সোনালী ব্যাংক থেকে ভাতার টাকা তোলার সময় ‘অফিস খরচ’র কথা বলে এক হাজার ১০০ টাকা করে কেটে রাখা হয়। এ সময় সুবিধাভোগী নারীরা এর প্রতিবাদ জানান।সুবিধাভোগী কড়ইবাড়িয়া ইউনিয়নের শিরিন বেগম, পারুল আক্তার, রোকসানা বেগম জানান, এর আগেও দুবার উপজেলা মহিলা কর্মকর্তা কার্যালয়ের সহকারী নূরজাহান বেগম অফিস খরচের কথা বলে এক হাজার ১০০ টাকা করে রেখে দেন। তালিকা থেকে নাম বাদ পড়ার ভয়ে তাঁরা কোনো প্রতিবাদ করেন না। নূরজাহান বেগম ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘অফিস খরচ বাবদ আমরা ২০০ টাকা করে নিই। ভবিষ্যতে আর নেওয়া হবে না।’ আমতলী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো বলেন, ‘অফিসের খরচ বাবদ কোনো টাকা নেওয়ার বিধান নেই। যদি কেউ নিয়ে থাকে, তবে তাঁর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’বরগুনা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে একইভাবে ৩০০ থেকে ৫০০ এবং বরগুনা পৌর এলাকার সুবিধাপ্রাপ্তদের কাছ থেকে এক হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে। জেলা মহিলাবিষয়ক কার্যালয়ের সহকারী সফিকুর রহমান ওই টাকা তুলছেন বলে অভিযোগ রয়েছে। সদর উপজেলার বাওয়ালকার গ্রামের মাসুমা বেগম বলেন, ‘ভাতা তোলার সময় প্রত্যেকবারই আমাগো ৩০০ টাকা কইর‌্যা দেওন লাগে।’ জেলা মহিলাবিষয়ক কার্যালয়ের সহকারী সফিকুর রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ধরনের কোনো অর্থ আমি নিইনি।’বরগুনা শহরের বটতলা ও পশ্চিম বরগুনা এলাকার কয়েকজন নারী অভিযোগ করেন, গত ২৭ জুলাই থেকে তাঁরা টাকা পান। এবারও টাকা পেতে তাঁদের এক থেকে দেড় হাজার করে টাকা দিতে হয়েছে। স্থানীয় একটি বেসরকারি সংস্থার পরিচালক মাহবুবুর রহমান ও তাঁর স্ত্রী এই টাকা তোলেন। মাহবুবুর রহমান টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমি সুবিধাভোগীদের প্রশিক্ষণের কাজ করি। কারও কাছ থেকে টাকা নিইনি।’ পরক্ষণেই বলেন, ‘ভাই, কাজ করতে গেলে ভুল-ত্রুটি হতেই পারে।’ বরগুনা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (চলতি দায়িত্ব) কামরুন্নাহার বলেন, খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেব।’