২০০ পরিবারকে চাল সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রাণের চাল নিয়ে বাড়ি ফিরছেন অসহায় নারীরা। ছবিটি গতকাল সকালে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা l প্রথম আলো
ত্রাণের চাল নিয়ে বাড়ি ফিরছেন অসহায় নারীরা। ছবিটি গতকাল সকালে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা l প্রথম আলো

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম ১৫টি গ্রামের ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে পার্বত্য ত্রাণ ফাউন্ডেশন (বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সংগঠন)। গতকাল শুক্রবার দুপুরে ইউনিয়নের মাচালং এলাকার মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ করে সংগঠনটি।
বাঘাইছড়ি উপজেলার সাজেক, বঙ্গলতলি, মারিশ্যা, বাঘাইছড়ি ও সারোয়াতলি—এই পাঁচ ইউনিয়নের দুর্গম গ্রামগুলোতে খাদ্য-সংকট চলছে। দুর্গম পাহাড়ি গ্রামের মানুষ জুমের ধানের ওপর নির্ভরশীল। কিন্তু বন ও মাটির উর্বরতা শক্তি কমে যাওয়ায় জুমের ফসল উৎপাদন কমে গেছে। এ কারণে বছরে প্রায় পাঁচ মাস (মার্চ থেকে জুলাই) খাদ্য-সংকট দেখা দেয় বলে স্থানীয় বাসিন্দারা জানান।
এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রিটন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেলসন চাকমা, পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের সদস্য কালায়ন চাকমা, মানব চাকমা, যশস্বী চাকমা প্রমুখ। সভা শেষে প্রতি পরিবারকে ১২ কেজি করে চাল দেওয়া হয়।
এদিকে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সাজেক ইউনিয়নের ছয় গ্রামের ১৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টায় ইউনিয়নের মাচালং এলাকার ত্রিপুরা ছাত্রাবাস এলাকায় প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ৫০০ গ্রাম সয়াবিন তেল ও ৫০০ গ্রাম লবণ দেওয়া হয়েছে।