২০০ পরিবারের বসতভিটা তিস্তাগর্ভে বিলীন
‘বুড়াওয়াপদার (পাউবোর) বান্ধ (বাঁধ) বান্ধি (বেঁধে) হামার বাড়িভিটাসহ জমিজমা তিস্তার প্যাটোত (পেটে) যায়া হামার কপাল খাইছে। বেড়ি বান্ধ বান্দা ছাড়া হামার এখন আর বাঁচন নাই।’ রংপুরের পীরগাছা উপজেলার ভাঙনকবলিত চর রহমত গ্রামের কৃষক সাহেব আলী (৬২) দুঃখ ও ক্ষোভের সঙ্গে এসব কথা বলেছেন। গত ১০ দিনে তাঁর বসতভিটাসহ দুই একর আবাদি জমি তিস্তা নদীগর্ভে বিলীন হয়েছে। তাঁর মতো উপজেলার ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নের পাঁচটি গ্রামের ২০০ পরিবারের বসতভিটাসহ প্রায় ৫০০ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। গাইবান্ধার পাউবো ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৯৮৮ সালের বন্যায় পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব চর থেকে সুন্দরগঞ্জ উপজেলার তাঁরাপুর ইউনিয়নের ইমামগঞ্জ পর্যন্ত ৫ দশমিক ৩০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ চর তাম্বুলপুর থেকে চর ছাওলা পর্যন্ত দেড় কিলোমিটার বেড়িবাঁধ ও ১৫টি গ্রাম তিস্তাগর্ভে বিলীন হয়। পরে চর জেগে উঠলে সেখানে বসতি গড়ে ওঠে। এমতাবস্থায় ২০০৯ সালে পাউবো প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি পুনর্নির্মাণ করে। তবে তিস্তা প্রতিরক্ষা বেড়িবাঁধটি নির্মাণ করেনি। ফলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ২০০৯ সালে আবার তিস্তায় বিলীন হয়ে যায়। ২০১০ সালে আবারও পাউবো বাঁধটি পুনর্নির্মাণ করে। কিন্তু এ সময়ও ওই দেড় কিলোমিটার বেড়িবাঁধ পুনর্নির্মাণ করেনি। ফলে গত কয়েক দিনে পানির তোড়ে শিবদেব চর এলাকার ২০০ মিটার বেড়িবাঁধটি ভেঙে পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে শিবদেব চর থেকে চর রহমত হয়ে সুন্দরগঞ্জের ইমামগঞ্জ পর্যন্ত তিস্তার একটি শাখা নদী বের হয়ে চর ছাওলা, ফকির পাড়া, চর রহমত, হাজি পাড়া ও চর তাম্বুলপুর গ্রামের বসতবাড়ি ও আবাদিজমি নদীগর্ভে বিলীন হয়। গত বুধবার সরেজমিনে দেখা যায়, নদীর দুই পাড়ে বেশ কিছু বসতবাড়ি ও আবাদি জমি ভেঙে পড়ার উপক্রম হয়ে আছে।চর রহমত গ্রামের হাজু প্রামাণিক (৮০) বলেন, গত বছর তিস্তার ভাঙনে আমার বসতভিটা ও এক একর আবাদি জমি বিলীন হয়েছে। বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়ে গেলেও সেখানের এবার রক্ষা হলো না। এবারও বাড়িঘর অন্যত্র সরানো হয়েছে। একই গ্রামের মিরাজ উদ্দিন (৬১) বলেন, আমার বসত ভিটাসহ চার একর জমি বিলীন হয়ে গেছে। প্রায় একই ধরনের কথা বলেন সোলায়মান আলী (৫০), চর ছাওলা গ্রামের আব্বাস উদ্দিন (৭৫), আবদুল হক (৭০), আবদুল মজিদ (৬৫), হানিফ মিয়া (৬০), জানু ফকির (৭০), ছমেদ আলী (৬০), হজরত আলী (৫০) ও জরিপ উদ্দীনসহ (৩৮) কয়েকজন।ছাওলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাজির হোসেন বলেন, এখন এলাকাবাসীর একটাই দাবি চর তাম্বুলপুর সাহেব বাজার থেকে চর ছাওলা পর্যন্ত দেড় কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হোক। এ বাঁধটি নির্মাণ করা হলে দুটি ইউনিয়নের ১৫টি গ্রামসহ পাশের সুন্দরগঞ্জ উপজেলার নিজাম খাঁ, বিরাহিম, ইমামগঞ্জ ও তাঁরাপুরসহ চারটি গ্রাম ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন বলেন, বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দ না থাকায় তা করা সম্ভব হয়নি।