২০০ পেয়ারাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
নাটোরের বড়াইগ্রাম উপজেলার দাঁইড়পাড়ায় রাতের আঁধারে ২০০ পেয়ারাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার মধ্যরাতে বৃষ্টির সময় বড়াইগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের পেছনে রাজশাহীর পেয়ারাচাষি আনোয়ার সাদাতের দুই বিঘা জমিতে লাগানো ২০০টি বারোমাসি জাতের থাই পেয়ারাগাছ দুর্বৃত্তরা কেটে ফেলে। প্রায় দুই বছর বয়সী এসব গাছে দুই-তিন মাসের মধ্যেই পেয়ারা ধরত। এ জাতের প্রতিটি গাছে গড়ে ৩৫ থেকে ৪০ কেজি পেয়ারা ধরে। এতে শুধু চলতি মৌসুমেই ছয় লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে বাগানের মালিক দাবি করেছেন। চাষি আনোয়ার সাদাত আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘কয়েক বছর ধরে আমি এ জমিটি ইজারা নিয়ে বরই ও পেয়ারার আবাদ করে আসছি। সম্প্রতি জমির মালিক মোজাম্মেল হক ইজারার মেয়াদ থাকতেই আমাকে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু আমি জমি ছাড়তে রাজি হইনি। এই আক্রোশে ঘটনাটি ঘটে থাকতে পারে।’বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে।’