ইপিলিয়ন ও প্রথম আলো বন্ধুসভার উদ্যোগ
২০০ প্রতিবন্ধী স্কুলছাত্রী ও দুটি বিদ্যালয়ে ফলদ গাছের চারা বিতরণ
‘সবারই উচিত নিজের বাড়িতে অন্তত একটি করে গাছ লাগানো। কিন্তু টাকার অভাবে অনেকেই গাছ লাগাতে পারেন না। আমাকে যে আমগাছের চারা দেওয়া হয়েছে, সেটি বাড়ির সামনে লাগাব। এই গাছে আম হলে সবাইকে নিয়ে খাব।’ এসব কথা বলেছে শারীরিক প্রতিবন্ধী স্কুলছাত্রী আফরোজা আক্তার। তার মতো আমগাছের চারা পেয়ে প্রতিবন্ধী স্কুলছাত্র সজীব মিয়া, হ্যাপি আক্তার ও তানিয়া আক্তারের মতো সবাই খুশি।গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সৈয়দপুর এলাকায় গতকাল রোববার বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকার ২০০ প্রতিবন্ধী স্কুলছাত্রীর মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। একই দিনে উপজেলার মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয়ে ১৫০ ও সিনাবাহ উচ্চবিদ্যালয়ে ৫০টি ফলদ গাছের চারা বিতরণ করা হয়। এসব চারা ‘ইপিলিয়ন গ্রুপ’-এর সৌজন্যে দেওয়া হয়। বিতরণে সহযোগিতা করে প্রথম আলোর কালিয়াকৈর বন্ধুসভা।চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইপিলিয়ন গ্রুপের উপমহাব্যবস্থাপক এম এ হাশেম, সহকারী ব্যবস্থাপক আবদুল মঈন খান ও আশিকুর রহমান, জ্যেষ্ঠ সমন্বয়কারী নাজমুল আহসান, প্রথম আলোর কালিয়াকৈর প্রতিনিধি মাসুদ রানা, কালিয়াকৈর বন্ধুসভার সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এমারত হোসেন প্রমুখ।এ ছাড়া প্রতিবন্ধীদের পক্ষ থেকে বিপিকেএসের প্রধান সমন্বয়কারী নূরুজ্জামান, মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক ও সিনাবাহ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন এসব চারা গ্রহণ করে সবার মধ্যে বিতরণ ও মাঠে রোপণ করেন।