২০০ ফুট রাস্তার জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরের সীমাবাড়ী থেকে ধুনট উপজেলার মথুরাপুর পর্যন্ত সড়কের মাত্র ২০০ ফুট এলাকার খানাখন্দের কারণে ২০ গ্রামের মানুষের দুর্ভোগের শেষ নেই।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সীমাবাড়ী, বেটখৈর, চককেশব, সিমলা, নিশিন্ধারা, লাঙ্গলমোড়া, নকুয়া, কালিয়াকৈর, পাঁচবাড়িয়া সুঘাট ইউনিয়ন এবং ধুনট উপজেলার মথুরাপুর, গোপালনগর, চকিবাড়ীসহ ২০ গ্রামের লোকজন নিয়মিত এ সড়ক দিয়ে যাতায়াত করে। গত ২৪ জুলাই সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের সীমাবাড়ীর প্রায় ২০০ ফুট এলাকার পিচ ও ইটের খোয়া উঠে কাদা-পানিতে ভরে গেছে। এ জায়গায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে গর্তগুলো ডুবে থাকায় যানবাহনগুলো চলাচল করতে গিয়ে প্রায়ই উল্টে পড়ে। কোনো কোনোটির ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। ভাঙা সড়ক পারাপারে চালকেরা একে অন্যের সহযোগিতায় ঠেলে যানবাহন এগিয়ে নেন।এ সময় ভ্যানচালক উপজেলার লাঙ্গলমোড়া গ্রামের মো. মিঠু মিয়া বলেন, ‘মালবোঝাই ভ্যান নিয়া এই ভাঙা সড়ক দিয়া যাওনে যে টাকা কামাই করি, তা আবার ভ্যান সারতে (মেরামত) লাইগা যায়। কামাই হলেও ভাঙা সড়ুকটার জন্য কুষ্ট কইরা চলতে হয়। আমাগো কুষ্ট দূর করতে কেউ আগায় আসে না।’ ভটভটি চালক আমজাদ হোসেন জানান, প্রায় তিন বছর ধরে সড়কের এই অবস্থা।চককেশব গ্রামের কৃষক আবদুল মজিদ ও নিশিন্ধারা গ্রামের জহুরুল ইসলাম জানান, সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার সীমাবাড়ীতে বড় হাট বসে। এই হাটে মালামাল নিতে হলে বেশি টাকা ভাড়া দিতে হয়। সীমাবাড়ী গ্রামের আবদুল মালেক ও ওমর আলী জানান, সামান্য একটু পথে খানাখন্দের কারণে অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। গর্ভবতী মায়েদের নিয়ে চলাচল আরও বেশি ঝুঁকিপূর্ণ।সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনছুর রহমান আকন্দ বলেন, আট বছর আগে সড়কটি তৈরি হয়। এরপর উপজেলা প্রকৌশলী বিভাগ তিন-চার বছর আগে একবার সড়কটির সংস্কারকাজ করে। কিন্তু বৃষ্টি হলে সড়কের ওপর জমে থাকা পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. শামছুজ্জামান বলেন, ‘আমি দ্রুত ওই সড়কটি ঘুরে এসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’