২০০ বছরের পুরোনো মুদ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গানগর গ্রামে গতকাল মাটি খোঁড়ার সময় দেড় থেকে দুই শ বছর আগের ৪৮৬টি মুদ্রা পাওয়া যায় l ছবি: প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গানগর গ্রামে গতকাল মাটি খোঁড়ার সময় দেড় থেকে দুই শ বছর আগের ৪৮৬টি মুদ্রা পাওয়া যায় l ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গানগর গ্রামের একটি মন্দিরের পাশে মাটি খুঁড়তে গিয়ে ৪৮৬টি মুদ্রা পাওয়া গেছে। এগুলোর গায়ে ১৮০৪, ১৮৪২, ১৮৬২, ১৯০৬ ইত্যাদি সাল লেখা আছে।
গতকাল শনিবার সকালে গঙ্গানগর গ্রামের চৌধুরীবাড়ির দুর্গামন্দিরের পাশের ভিটার মাটি খোঁড়ার সময় একটি পিতলের পাত্র থেকে ওই মুদ্রাগুলো পাওয়া যায়।
আখাউড়া থানার পুলিশ গিয়ে বেলা ১১টার দিকে ওই মুদ্রাগুলো থানায় নিয়ে আসে। এই বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
পুলিশ বলেছে, মুদ্রাগুলোর এক পিঠে ইংরেজিতে ওয়ান রুপি, ইন্ডিয়া সাল ১৮৬২ ও অন্য পিঠে রানি ভিক্টোরিয়ার ছবি দেখা গেছে।
রানি ভিক্টোরিয়ার ছবিযুক্ত মুদ্রার সংখ্যাই বেশি।

আখাউড়ার গঙ্গানগর গ্রাম থেকে উদ্ধার করা পুরোনো মুদ্রাগুলো পিতলের পাত্রে ভরে মাটির নিচে পুঁতে রাখা ছিল l ছবি: প্রথম আলো
আখাউড়ার গঙ্গানগর গ্রাম থেকে উদ্ধার করা পুরোনো মুদ্রাগুলো পিতলের পাত্রে ভরে মাটির নিচে পুঁতে রাখা ছিল l ছবি: প্রথম আলো

গঙ্গানগর চৌধুরীবাড়ির কৃষ্ণ রায় চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার দাদু দুর্গাচরণ রায় চৌধুরী ছিলেন জমিদার। আমাদের বাড়িটিও শতাধিক বছরের পুরোনো। বড় পরিসরে পূজা করার জন্য মন্দিরের পাশের খালি ভিটের মাটি খুঁড়তে গিয়েই মুদ্রাগুলো পাওয়া গেছে।’
ব্রিটিশ আমলে রানির ছবি খোদাই করা মুদ্রাগুলো রুপার তৈরি হতে পারে বলে ধারণা করছেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদি শিল্পকলা বিভাগের সহকারী পরিচালক শরিফুল ইসলাম। গতকাল প্রাচীন মুদ্রার এই বিশেষজ্ঞ বলেন, ‘যদি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের স্থানে খননের সময় কোনো প্রত্নবস্তু পাওয়া যায়, তবে সেটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সম্পদ হয়। মুদ্রাগুলো যেহেতু ব্যক্তিমালিকানাধীন এলাকায় গেছে, এখন সেগুলো জাতীয় জাদুঘরেই আসবে।’
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, মুদ্রাগুলো এখন সরকারি সম্পদ। এ কারণে পুলিশ মুদ্রাগুলো নিজেদের হেফাজতে নিয়েছে। আগামীকাল (আজ) রোববার আদালতের নির্দেশ পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।