২০০ বাংলাদেশিকে ইয়েমেন থেকে জিবুতি নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের আল হুদায়দাহ শহর থেকে প্রায় ২০০ বাংলাদেশি নাগরিককে আফ্রিকার দেশ জিবুতিতে সরিয়ে নেওয়া হচ্ছে। ইয়েমেনের রাজধানী সানার অদূরে ওই শহর থেকে গতকাল সোমবার রাতে ভারতীয় জাহাজে করে বাংলাদেশিদের জিবুতি পাঠানো শুরু হয়েছে।
ইয়েমেনের নিকটবর্তী জিবুতিতে অবস্থানরত ও কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) এস এম মাহবুবুল আলম রাতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, ভারত সরকারের সহায়তায় বাংলাদেশের নাগরিকদের ইয়েমেন থেকে জিবুতি নেওয়া হচ্ছে।
ইয়েমেনের এডেন শহরে অবস্থানরত বাংলাদেশি এমদাদুল হোসেন গতকাল বিবিসি বাংলাকে টেলিফোনে জানিয়েছেন, হুতি বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়ের কারণে এডেনে আটকা পড়েছেন ৬০-৭০ জন বাংলাদেশি। তাঁদের সঙ্গে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।
গৃহযুদ্ধ ও সৌদি আরবের নেতৃত্বে বিমান হামলায় পর্যুদস্ত ইয়েমেন থেকে বাংলাদেশের লোকজনকে নিরাপদে প্রত্যাবাসনের জন্য ইয়েমেন ও জিবুতির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। দেশ দুটিতে জরুরি বিমান অবতরণের বিষয়ে আলোচনা চলছে।
মাহবুবুল আলম জানান, ইয়েমেন থেকে বাংলাদেশিদের প্রত্যাবাসনের প্রক্রিয়ায় সহায়তার জন্য তুরস্কের বাংলাদেশ দূতাবাসের দুই কূটনীতিক গতকাল জিবুতি পৌঁছেছেন।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশের নাগরিকদের ইয়েমেন থেকে নিরাপদে সরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সানা ও জিবুতি সিটিতে উড়োজাহাজ পাঠানোর অনুমতি পাওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পাঠানোর প্রস্তুতি রয়েছে।
জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব খোরশেদ আলম চৌধুরী সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, উড়োজাহাজ অবতরণের প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর ইয়েমেন ও জিবুতিতে ফ্লাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশের নাগরিকদের প্রত্যাবাসনের অংশ হিসেবে আজ মঙ্গলবার ভারতীয় উড়োজাহাজে ২০ জন বাংলাদেশিকে সানা থেকে জিবুতিতে পাঠানো হবে। সানায় ভারতীয় দূতাবাসের সহায়তায় আজ ভারতের নাগরিকসহ প্রায় দেড় শ জনকে নিয়ে একটি ভারতীয় উড়োজাহাজের জিবুতি যাওয়ার কথা। ওই ২০ বাংলাদেশির অন্যতম গোলাম মোস্তফা গতকাল বিকেলে সানা থেকে মুঠোফোনে এ তথ্য জানান। পেশায় প্রকৌশলী গোলাম মোস্তফা পেশাগত কাজে ইয়েমেনে যাওয়ার পর দুই সপ্তাহ ধরে আটকা পড়েছেন।
ইয়েমেন থেকে জানা গেছে, দেশে ফেরার ব্যাপারে সেখানে কর্মরত বাংলাদেশের একটি সমন্বয় কমিটির কাছে এ পর্যন্ত ৪৮০ জন বাংলাদেশি নাম নিবন্ধন করেছেন। ৩ এপ্রিল কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে দুই সদস্যের একটি দল জিবুতি গেছে।
সরকার ইয়েমেন থেকে বাংলাদেশের লোকজনকে নিরাপদে সরিয়ে আনতে ভারতকে অনুরোধ জানায়। এই অনুরোধে সাড়া দিয়ে ভারত ইতিমধ্যে সানা থেকে বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।
এডেনে আটকা পড়েছেন ৬০-৭০ জন বাংলাদেশি: বিবিসি বাংলা জানায়, এডেনের আশপাশে শিয়া হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবে আশ্রয় নেওয়া প্রেসিডেন্ট আবেদরাব্বো মানসুর হাদির সমর্থক সেনাবাহিনীর লড়াই চলছে। প্রেসিডেন্ট হাদির সমর্থনে সৌদি নেতৃত্বাধীন আরব জোট বাহিনী এডেনের আশপাশে হুতিদের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে। লড়াইয়ের মধ্যে এডেনে কর্মরত ৬০-৭০ জন বাংলাদেশি আটকা পড়েছেন। সানাতে বহু বাংলাদেশি অবরুদ্ধ অবস্থায় আছেন।
এডেনে অবস্থানরত বাংলাদেশি এমদাদুল হোসেন বিবিসি বাংলাকে টেলিফোনে জানান, শহরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তিনি সেখানে একটি বেভারেজ প্রতিষ্ঠানে কাজ করেন। গত ২৬ মার্চ থেকে তাঁর প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তিনি বলেন, ‘শহরে আমি যে বাড়িতে থাকি, তার নিচতলায় বন্দুক নিয়ে লোকজন বসে আছেন। তাঁরা স্থানীয় এবং এই এলাকার বাসিন্দা। তাঁরা হুতিদের প্রতিরোধের জন্য অবস্থান নিয়েছেন।’
এমদাদুল জানান, তাঁরা যেখানে থাকেন, তার দুই-তিন কিলোমিটার দূরেই বোমাবর্ষণ করা হচ্ছে। তাঁরা গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন, বোমা পড়ার সময় ঘরবাড়ি কাঁপছে। এই অবস্থায় তাঁরা বাড়ি থেকে বের হচ্ছেন না। এখানে দোকানপাট, অফিস-আদালত বন্ধ, পানির সমস্যাও দেখা দিয়েছে। শহরে এখন সরকার বা প্রশাসন বলতে কিছুই নেই।
এক প্রশ্নের জবাবে এমদাদুল বলেন, ‘আমরা একটি বাড়িতে ছয়জন আছি। খাবার-দাবার কিনে মজুত করা হয়েছে। হয়তো আরও সাত দিন চলবে।’ তিনি জানান, এ শহরে ৬০-৭০ জন বাংলাদেশি আছেন। তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। যুদ্ধাবস্থার মধ্যে তাঁরা কী করবেন, কোথায় যাবেন, ঠিক করতে পারছেন না।
এমদাদুল জানান, তাঁদের সঙ্গে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাঁরা প্রতিদিনই জানাচ্ছেন, ইয়েমেন থেকে তাঁদের বের করে নেওয়ার চেষ্টা চলছে। তবে তা কবে হবে বোঝা যাচ্ছে না।