২০০ বিঘা জমির বোরো চাষ অনিশ্চিত
নওগাঁর মান্দা উপজেলার মোহাম্মদপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার একটি গভীর নলকূপ প্রায় ৩০ ফুট মাটির নিচে ধসে গেছে। এ ঘটনায় ওই নলকূপের আওতাধীন এলাকায় ২০০ বিঘা জমির বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।
গভীর নলকূপের অপারেটর মোস্তাফিজুর রহমান জানান, ১৯৮৭ সালে মোহাম্মদপুর গ্রামে এ নলকূপটি স্থাপন করে উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। গত দুই মৌসুম ধরে এটি থেকে পানির সঙ্গে বালু ও ছোট পাথরকুচি উঠে আসছিল। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। চলতি মৌসুমে নলকূপটির সর্বশেষ অবস্থার কথা জানিয়ে দুই সপ্তাহ আগেও কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। অবশেষে গতকাল সকালে নলকূপটি ধসে যায়।
নলকূপের ড্রেনম্যান তোফাজ্জল হোসেন জানান, রাত দুইটার দিকে নলকূপের হাউসসংলগ্ন এলাকায় এক ধরনের শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। তিনি সেখানে গিয়ে দুই ফুট গোলাকার একটি গর্ত দেখতে পান।
স্থানীয় চারজন জানান, এ নলকূপের পানি দিয়ে মোহাম্মদপুর, মহানগর ও কালীগ্রাম মাঠের ২৫০ বিঘা জমিতে বোরো ধানের চাষ হয়ে থাকে। ইতিমধ্যে ২০০ বিঘার অধিক জমিতে চারা রোপণ করা হয়েছে। নলকূপটি ধসে পড়ায় ধানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা।
এদিকে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিষয়টিকে নিছক দুর্ঘটনা বলে দাবি করেছেন। মাটির নিচ থেকে বালু ও পাথর বের হয়ে আসায় নলকূপটি ধসে গেছে বলে মন্তব্য করে বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।