লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রাথমিক পর্যায়ে ২০০টি বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ের কার্যক্রম তদারকির জন্য সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (এইউপিইও) ছয়টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র দুজন। কিন্তু নিয়মানুযায়ী এখানে ১০টি এইউপিইওর পদ থাকার কথা। এইউপিইওর সংকটে এ উপজেলায় বিদ্যালয় তদারকির কার্যক্রম ব্যাহত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রায়পুর উপজেলায় ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৯টি কিন্ডারগার্টেন। এ বিদ্যালয়গুলোতে ৫২ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এখানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার একটি ও এইউপিইওর ছয়টি পদ আছে। দুই বছর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অন্যত্র বদলি হয়ে যান। এরপর থেকে তিনজন এইউপিইওর মধ্যে একজন প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। অপর দুজন এইউপিইও হলেন আবু জাফর ও মজিবুর রহমান।
প্রায় এক যুগ আগে অবসর নেওয়া সৈয়দ আহাম্মেদ নামের এক শিক্ষক বলেন, তাঁরা যখন শিক্ষকতা করতেন, তখন এইউপিইও নিয়ে আতঙ্কে থাকতেন। কারণ, এইউপিইওরা যখন-তখন বিদ্যালয়ে এসে বিভিন্ন অনিয়ম খুঁজে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। এ জন্য শিক্ষকেরা বিদ্যালয়ে পাঠদানে মনোযোগী ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে চর মোহনা ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বলেন, অনেক সময় শিক্ষকেরা গ্রন্থাগারে বসে আড্ডা মারেন। ছাত্রছাত্রীরা মাঠে খেলাধুলা করে সময় কাটায়। এ নিয়ে তিনি শিক্ষকদের সঙ্গে অনেক বাগ্বিতণ্ডা করলেও কাজের কাজ কিছুই হয়নি। তবে তিনি জেনেছেন, গ্রামের বিদ্যালয়গুলোতে আগের মতো মনিটরিং ব্যবস্থা নেই। এ কারণে বর্তমানে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোতালেব বলেন, বিদ্যালয়ের তুলনায় এমনিতেই এইউপিইওর পদ অনেক কম। বিদ্যালয়ে যত বেশি তদারকি হবে, তত বেশি সুফল পাওয়া যাবে। তদারকি থাকলে শিক্ষার মান বাড়ে। এ জন্য তদারকি কার্যক্রম জোরদার করতে হবে।
ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌসী বলেন, ‘প্রায় দুই বছর আগে উপজেলা শিক্ষা কর্মকর্তা অন্যত্র বদলি হয়ে গেছেন। এখন তাঁর দায়িত্বও আমাকে পালন করতে হচ্ছে। এ জন্য প্রশাসনিক কার্যক্রমেই সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। এতে বিদ্যালয় মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখন দুজন এইউপিইওর পক্ষে ২০০টি বিদ্যালয় মনিটরিং করা কোনোভাবেই সম্ভব নয়। ২০টি বিদ্যালয় মনিটরিংয়ের জন্য একজন এইউপিইও থাকার নিয়ম রয়েছে।’
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।