২০০ মেগাওয়াট বিদ্যুৎ পেতে দুটি চুক্তি স্বাক্ষর
মেঘনাঘাট ও সিদ্ধিরগঞ্জে ভাড়াভিত্তিক দুটি কেন্দ্র (কুইক রেন্টাল) থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ পেতে গতকাল বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে বেসরকারি দুটি কোম্পানির ওই চুক্তি স্বাক্ষরিত হয়। দুটি কেন্দ্রেরই জ্বালানি হবে ফার্নেস তেল।মতিঝিলের ওয়াপদা ভবনে গতকাল বিকেলে মেঘনাঘাটের জন্য আইইএল ও সিদ্ধিরগঞ্জের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের সঙ্গে চুক্তি দুটি স্বাক্ষরিত হয়। পাঁচ বছর মেয়াদি ফার্নেস তেলভিত্তিক এ কেন্দ্র দুটি চুক্তি স্বাক্ষরের নয় মাসের মধ্যে স্থাপন করতে হবে।পিডিবির পক্ষে কোম্পানির সচিব আজিজুল ইসলাম, আইইএলের পক্ষে চেয়ারম্যান ওবায়দুল করিম ও ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষে চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে এ দুটি কোম্পানির সঙ্গে পিডিবি চুক্তি অনুস্বাক্ষর করেছিল। পরে তাদের দরপ্রস্তাবে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন নেওয়া হয় এবং আইন মন্ত্রালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়।দুটি কেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন: ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রথম চুক্তি হয়েছিল ব্রিটিশ কোম্পানি এগ্রিকোর সঙ্গে। চুক্তির ৪১ দিনের মাথায় গতকাল রাতে দুটি কেন্দ্রে ১০০ মেগাওয়াটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৪৫ মেগাওয়াটের একটি কেন্দ্র ঘোড়াশালে এবং ৫৫ মেগাওয়াটের অপর কেন্দ্রটি খুলনায়।প্রসঙ্গত, সরকারের ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন উদ্যোগের অংশ হিসেবে এখন পর্যন্ত ১৩টি কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে। এসব কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা এক হাজার ১৫৭ মেগাওয়াট। এর মধ্যে চারটি কেন্দ্র হবে ডিজেলচালিত আর বাকি নয়টি চলবে ফার্নেস তেলে।