২০০ শিক্ষার্থীকে বৃত্তি ও চারা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির ২০০ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও ফলদ গাছের চারা দেওয়া হয়েছে।

গতকাল শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠান করা হয়।

উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থবছরের রাজস্ব তহবিলের অর্থায়নে ওই বৃত্তি প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি হিসেবে এক হাজার করে টাকা ও তিনটি করে ফলদ গাছের চারা দেওয়া হয়। এ ছাড়া প্রাথমিক পর্যায়ের ১৫০ জন শিক্ষার্থীকে স্কুলব্যাগ ও জ্যামিতি বক্স দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মানবসম্পদ উন্নয়নে উপজেলা পর্যায়ে সেলাই, রন্ধন ও কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণকারী ৯৮ জন নারী ও পুরুষের প্রত্যেককে সনদ, একটি ফলদ গাছের চারা ও নগদ ৫০০ করে টাকা দেওয়া হয়।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী প্রমুখ।