২০০ শিশুশিল্পীকে শিক্ষাবৃত্তি প্রদান
কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ২০০ শিশু লোকসংগীতশিল্পীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। লালমনিরহাটের লোকসংগীতচর্চা ও গবেষণা প্রতিষ্ঠান আরশী নগরের উদ্যোগে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘খুঁজি শিকড়ের গান, মঞ্চালোকে শুদ্ধ হোক শত-সহস্র প্রাণ’ স্লোগান সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরশী নগরের সভাপতি নীল কমল মিশ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান ও ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক। এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক বাদশা আলম।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রেহানা খাতুন, কামনা রাণী রায়, বিজয় রায়, বলরাম গোস্বামী প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষাবৃত্তি পাওয়া প্রত্যেক শিশুশিল্পীকে এক হাজার টাকা করে দেওয়া হয়।