২০০তম সাক্ষী সাক্ষ্য দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড ​বোমা হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ২০০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ মামলায় মোট সাক্ষী ৪৯২ জন।

আজ বুধবার আদালতে সাক্ষ্য দেন আওয়ামী লীগের সাবেক তথ্য ও প্রচার সম্পাদক আজিজুর রহমান বাচ্চু। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন সাক্ষীর জবানবন্দি রেকর্ড ​করেন। আগামী ৭ ডিসেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।

সাক্ষী আজিজুর রহমান বাচ্চু আদালতকে বলেন, ২১ আগস্ট গ্রেনেড বোমা হামলায় তিনি আহত হয়েছিলেন। তাঁর শরীরে এখনো ৩৭টি স্প্লিন্টার আছে।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। এই গ্রেনেড হামলায় ২২ জন নিহত হন। আহত হন কয়েক শ লোক। ২০০৮ সালের ১১ জুন এ মামলায় ২২ জনকে আসামি করে সিআইডি প্রথম অভিযোগপত্র দেয়। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ মামলার অধিকতর তদন্ত করে ২০১১ সালের ৩ জুলাই তারেক রহমানসহ আরও ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। মোট ৫২ আসামির মধ্যে তারেক রহমানসহ ১৯ জন পলাতক আছেন।
অারও পড়ুন :-