শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নে গত চার দিনে প্রায় দুই হাজার একর ফসলি জমি পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়েছে। গৃহহীন হয়েছে নয়টি গ্রামের প্রায় ৫৫০টি পরিবার।নদীগর্ভে বিলীন হয়েছে চেয়ারম্যান স্টেশনবাজারের প্রায় ১৫০ দোকানের জমি, বকাউলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন, একটি দ্বিতল বন্যা আশ্রয়কেন্দ্র ও উত্তর তারাবুনিয়া মহিউস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার পাঁচটি আধাপাকা ভবন। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এ ভাঙন গতকাল শুক্রবারও অব্যাহত ছিল।ভাঙনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার চেয়ারম্যান স্টেশনবাজারসংলগ্ন স্থানীয় বেসরকারি সংস্থা এসডিএসের বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। অন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরাপদ আশ্রয়ে চলে গেছে। এ ছাড়া ভাঙনের হুমকির মধ্যে রয়েছে কয়েক শ পরিবার।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, বর্ষা মৌসুমের শুরু থেকে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের পদ্মার তীরবর্তী গ্রামগুলোতে অল্প অল্প ভাঙন শুরু হয়। পদ্মার পানি কমতে শুরু করার পর মঙ্গলবার থেকে ভাঙন তীব্র হয়।উত্তর তারাবুনিয়ার সাহাবুদ্দিন মোল্লাকান্দি গ্রামে গিয়ে দেখা যায়, ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের ঘরের টিন, চালা, আসবাব, গবাদিপশুসহ প্রয়োজনীয় জিনিসপত্র ট্রলার ও নৌকায় করে অন্যত্র সরিয়ে নিচ্ছে। গাইনকান্দি গ্রামে গিয়ে দেখা যায়, নদীভাঙনের শিকার মানুষগুলো নিরাপদ আশ্রয়ের খোঁজে ব্যস্ত। তারা কোথায় আশ্রয় নেবে জানে না। সেখানে কথা হয় উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন বেপারীর সঙ্গে। তিনি বললেন, এবারের ভাঙনে প্রায় দুই হাজার একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনে আবুল মাস্টারকান্দি, রব বেপারীকান্দি ও জয়নাল মোল্লাকান্দি গ্রামের ১০০ করে পরিবার; সাহাবুদ্দিন মোল্লাকান্দি, গাইনকান্দি ও বাচ্চুু প্রধানিয়াকান্দি গ্রামের ৫০ করে, বকাউলকান্দিতে ৪০ এবং হোসেন হাওলাদারকান্দি ও টুকু বেপারীকান্দি গ্রামের ৩০টি করে পরিবার গৃহহীন হয়েছে।বকাউলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি নদীগর্ভে বিলীন হওয়ায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। ওই বিদ্যালয়ের একটি টিনের ঘর খুলে নিয়ে বকাউলকান্দি গ্রামের শেষপ্রান্তে ফসলি জমিতে বসানো হয়েছে। সেখানেই বিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম চালানো হবে।যোগাযোগ করা হলে উত্তর তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. ইউনুছ আলী মোল্লা বলেন, ‘বর্ষা মৌসুমের শুরুতে ভাঙন সৃষ্টির সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের একটি তালিকা উপজেলা পরিষদে জমা দেওয়া হয়েছিল। এবার তীব্র আকারে ভাঙন শুরু হয়েছে। জেলা প্রশাসক গত শুক্রবার আমাকে ফোন করে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।’ ভাঙন রোধ করার ব্যাপারে জানতে চাইলে শরীয়তপুর পাউবোর সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ভয়াবহ ভাঙনে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু শরীয়তপুর কার্যালয়ে অর্থ বরাদ্দ না থাকায় ভাঙন রোধে আপাতত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিতাই চন্দ্র প্রথম আলোকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খোঁজখবর নিয়ে তালিকা প্রস্তুত করতে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা পেলেই ত্রাণ তৎপরতা শুরু করব।’