২০০০ লাউগাছ কেটে ফেলল দুষ্কৃতকারীরা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গত শুক্রবার রাতে এক কৃষকের দুই সহস্রাধিক লাউগাছ কেটে ফেলেছে দুষ্কৃতকারীরা। পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশীরা ওই লাউগাছগুলো কেটেছে বলে থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ওই কৃষক।ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী জানান, ছয় বিঘা জমি এক বছরের জন্য ৬০ হাজার টাকায় জমা নেন তিন ভাই কৃষক আবদুল করিম (২৫),আবদুর রহিম (২৭) ও শুক্কুর আলী (৩০)। চড়া সুদে তিন লাখ টাকা এনে তাঁরা ওই জমিতে দুই হাজারের বেশি লাউগাছ ও এক হাজার শিমগাছ রোপণ করেন। গত শুক্রবার থেকে তাঁরা লাউ ও শিম বিক্রি শুরু করেন। কিন্তু শুক্রবার রাতে জমির সব গাছ গোড়া থেকে কেটে ফেলে দুষ্কৃতকারীরা। কৃষক করিম মিয়া অভিযোগ করে বলেন, ‘প্রতিবেশী কামরুল ইসলাম ও তাঁর বড় বোন এই জমি নিয়ে চাষাবাদ করতে চেয়েছিলেন। জমির মালিক তাঁদের না দিয়ে আমাদের দেওয়ায় তাঁরা চরম ক্ষুব্ধ হন। আমরা এখানে কীভাবে চাষ করব, তা দেখে নেওয়ার হুমকিও দেন তাঁরা। তাঁরাই এ কাজ করেছেন।’ তিনি দাবি করেন, এ লাউ ও শিমবাগান থেকে তাঁদের ১০-১২ লাখ টাকা আয় হতো। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। কামরুল ও তাঁর বোন তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জমি নিয়ে তাঁদের সঙ্গে ঝামেলা হলেও এসব গাছ আমরা কাটিনি। এ কাজ যে করেছে, তাদের শাস্তির দাবি করছি।’ধর্মতীর্থ গ্রামের বাসিন্দা হাজি তালেব হোসেন বলেন, এটা খুনের শামিল। কৃষক পরিবারটি এখন পথে বসবে। কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তকদীর হোসেন বলেন, ‘এ ঘটনা আমি সরেজমিনে দেখে এসেছি। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।’